কাস্তে নিয়ে লড়ছেন যারা

মোহনগঞ্জ-খালিয়াজুড়ি ও মদনে জলি তালুকদার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রমিক আন্দোলনের সার্বক্ষণিক কর্মী জলি তালুকদার এবার মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসনে ‘কাস্তে’ মার্কার প্রার্থী হয়েছেন। মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের প্রত্যন্ত গ্রাম মল্লিকপুরের সন্তান জলি পড়াশুনার জন্য ময়মনসিংহ এসে যুক্ত হন ছাত্র আন্দোলনে। সাহসিকতা ও সাবলীলতায় হয়ে ওঠেন ময়মনসিংহের রাজনৈতিক-সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গণিতে স্নাতক জলি তালুকদার ছাত্রজীবন শেষে স্বচ্ছল জীবনের হাতছানি উপেক্ষা করে সার্বক্ষণিক রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে গার্মেন্ট শ্রমিকদের জনপ্রিয় ও লড়াকু নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে বারবার গ্রেপ্তার হয়েছেন, আত্নগোপন ও কারাবন্দি জীবন কাটিয়েছেন। সরকার ও মালিকপক্ষের বহু মামলায় তিনি বিবাদী। কয়েকটি মামলায় চলছে বিচার। তবে তাঁর নিজ এলাকা হাওরের মানুষের সমস্যা-সংকট থেকে মনোযোগ সরাননি এতটুকুও। ‘জাল যার জলা তাঁর’, ভাসান পানিতে সাধারণের মাছ ধরার অধিকার, ফসলের লাভজনক দাম আদায়, প্রকৃত কৃষকের কাছে সরকারি বরাদ্দ-সুবিধা পৌঁছে দেয়াসহ কৃষিনির্ভর মানুষের অধিকার আদায়ে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবসময় সোচ্চার। লুটেরাদের লুটপাটে হাওরে প্রতিবার বিপর্যয়ের পর দোষীদের শাস্তি, কৃষকের ঋণ মওকুফসহ ‘হাওর ও হাওরবাসী বাঁচাও’ দাবিতে তিনি আন্দোলন গড়ে তোলেন। ভাটি অঞ্চলের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্ম-এই তিনটি বিষয় তাঁর অগ্রাধিকার। এলাকার দুঃস্থ মানুষের জন্য প্রতিবছর চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন। এ পর্যন্ত সহস্রাধিক মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন। ২০১৮ সালেও কাস্তে মার্কার প্রার্থী হিসেবে তিনি জননন্দিত হয়েছেন। জলি তালুকদার বলেন, হাওরের মানুষের জীবনমান উন্নয়ন এবং মানুষের মুক্তি-সংগ্রামের অঙ্গীকার থেকেই তাঁর এবারের নির্বাচনে অংশগ্রহণ। তাই এই নির্বাচন তাঁর চলমান আন্দোলনেরই অংশ। বয়সে প্রবীণ না হলেও তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা নানান বৈচিত্র্যে সমৃদ্ধ জলি তালুকদার নিজ নেতৃত্ব গুণে কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও খেটে খাওয়া মানুষের অধিকার আদায় এবং শোষণমুক্তির সংগ্রামে তিনি পরিচিত। সারা পৃথিবীর শ্রমিক সংগঠনসমূহের কেন্দ্র ‘বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন’ এর ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল কমিটির তিনি জ্যৈষ্ঠ সহসভাপতি। ‘বিশ্ব নারী সম্মেলন’ এর তিনি একজন সমন্বয়ক। কোনো সন্দেহ নেই যে, নেত্রকোনা-৪ আসনে ‘কাস্তে’ মার্কা নিয়ে জলি তালুকদারই যোগ্যতম প্রার্থী। তাই, মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন উপজেলার মানুষ তাঁদের প্রতিনিধি নির্বাচনে এবার ভুল করবে না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..