ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা জুবায়েদ আহমেদ হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার সিঁড়িতে জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, জুবায়েদকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে তা আমাদের স্তম্ভিত করেছে। আমরা জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিচার দাবি করছি। গত কয়েকমাস পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছিল। অভ্যুত্থানের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে হত্যা করা হয়েছে। কোন হত্যাকাণ্ডেরই বিচার আমরা দেখতে পাই নাই। উপরন্তু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযুক্ত সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারংবার নৃশংস সব হত্যাকাণ্ড ঘটছে, জুবায়েদ হত্যাকাণ্ড তার সবশেষ উদাহরণ উল্লেখ করে বক্তারা বলেন, পূর্বের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা গেলে জুবায়েদকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হতো না। আমরা অবিলম্বে জুবায়েদসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমি হিসেবে দেখতে চাই না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..