রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি (বিটিসিএল) আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা একতা প্রতিবেদক :
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। গত ২৪ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর মহাখালী ওয়ারলেস গেইট টি এ্যান্ড টি (বিটিসিএল) আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক, বিচারক, আমন্ত্রিত অতিথি ও ছাত্রছাত্রীরা। উৎসবের সমাপনী দিনে প্রতিযোগিতার ১৯টি বিষয়ের ৫৭ জন বিজয়ীর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশিষ্টজনেরা।
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুজ্জামান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সহ-সভাপতি ডা. লেলিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, টি এন্ড টি (বিটিসিএল) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীসহ বিভিন্ন বিষয়ের গুণীজনেরা। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি বা এধরনের ক্ষতিকর বিষয়ের প্রভাব থেকে মুক্ত রাখতে হলে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। তাই, ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব এর মতো প্রতিযোগিতা বেশি বেশি করে আয়োজনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা এর সদস্য সচিব শান্তনু কুমার দাস।
গত ১০ এপ্রিল ২০২৬ বাড্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হয় ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব এর প্রতিযোগিতা পর্ব। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এন রাশেদা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারের প্রতিযোগিতায় ৪০টির বেশি স্কুল-কলেজ থেকে প্রায় ৮০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, একক নাটক, উপস্থিত বক্তব্য, নির্ধারিত বক্তৃতা ও রচনা লিখন। এসব বিষয় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোজাগতিক বিকাশের জন্য অপরিহার্য।