শ্রমিকনেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মো. আব্দুর রাজ্জাক (৬৩ বছর) আর নেই। গত ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, লিভার ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনসাব ও টিইউসি। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুর রাজ্জাক ৯০ এর দশকের শুরু থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাজ করে আসছেন। তিনি সারাদেশের নির্মাণ শ্রমিকদের অধিকার সর্ম্পকে সচেতন ও সংগঠিত করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গঠন করেন এবং সারাদেশে নির্মাণ শ্রমিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলেন। নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, ন্যূনতম মজুরি, দুর্ঘটনায় আহত ও নিহত নির্মাণ শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ ও রেশনের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহ ১২ দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। টিইউসির নির্বাহী কমিটি থেকে প্রেরিত বিবৃতিতে বলা হয়- শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক মনে প্রাণে বিশ্বাস করতেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে শোষণ নিপীড়ন বন্ধ হবে এবং শ্রেণি বৈষম্য হ্রাস পাবে। সৎ, ত্যাগী ও আদর্শবান এই নেতার মৃত্যু শ্রমজীবী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..