মৎস্যজীবী জেলেদের বিক্ষোভ ও খোলা চিঠি প্রেরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

৪ দফা দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশে শত-শত মৎস্যজীবী জেলে
ঝিনাইদহ সংবাদদাতা : দেশব্যাপী ইজারা বাতিল পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ জলমহালে সমাজভিত্তিক প্রথাগত ও সমবায় মালিকানার ৪ দফা দাবিতে মৎস্য উপদেষ্টা বরাবর খোলা চিঠি প্রেরণ ও কোটচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সকালে ইজারা পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ দেশব্যাপী সকল জলমহালে মৎস্যজীবী জেলেদের সমাজভিত্তিক সমবায় মালিকানা প্রতিষ্ঠার ৪ দফা দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত-শত মৎস্যজীবী জেলে জনগোষ্ঠীর প্রতিনিধিরা দাবিদাওয়াসহকারে ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে জড়ো হয়। বিক্ষোভ মিছিল শেষে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের আহ্বায়ক নির্মল হালদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুজন বিপ্লবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা; বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা সভাপতি কাজী ফারুক, বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের অন্যতম সংগঠক এসএম চন্দন প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বাসুদেব বিশ্বাস, বাঁওড় মৎস্যজীবী আন্দোলন যশোর জেলা সংগঠক মনোরঞ্জন হালদার, মাগুরা জেলা সংগঠক হিমাংশু দেব বর্মন, মশিয়ার রহমান, ঝিনাইদহ জেলা সংগঠক পরিতোষ হালদার, সাধন হালদার, সাধন বসু, শীতল হালদার, নিত্য হালদার, শীলা হালদারসহ শত শত জেলে সদস্যগণ। বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা পরিষদে মতবিনিময় সভায় বাঁওড় আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। ৪ দফা দাবিতে সমাজভিত্তিক সমবায় মালিকানা বাস্তবায়নে পুনর্ব্যক্ত করে জানিয়েছে, অবিলম্বে বাঁওড় জলমহালসমূহের ইজারা পদ্ধতি পুরোপুরি বাতিল করে জেলেদের ন্যায়সঙ্গত মালিকানার স্বীকৃতি দিয়ে সমাজভিত্তিক সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে। মৎস্যজীবীদের অনুকূলে ও জাতীয় স্বার্থে জলমহাল ব্যবস্থাপনা আইন সংশোধন করতে হবে। জাতীয় বাঁওড় উন্নয়ন বোর্ড, স্বতন্ত্র বাঁওড় জলমহাল নীতিমালা ও বাঁওড় জেলেদের প্রান্তিক শ্রমিক হিসাবে নিজস্ব সংগঠন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। বাঁওড় জলমহালে মাছ চাষে রাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রের অর্থায়নে ও জেলেদের সাথে ন্যায্য উৎপাদনের অংশীদারিত্ব চুক্তি করতে হবে। মাছ উৎপাদনে ৬০ শতাংশ মালিকানা জেলেদের অধিকার ও ৪০ শতাংশের মালিকানা রাষ্ট্রপক্ষ অন্তর্ভুক্ত করে যৌথ উৎপাদন অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করতে হবে। বাঁওড় উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় প্রকৃত মৎস্যজীবীদের শুমারি, তালিকাবদ্ধ ও মৎস্যজীবী জেলে কার্ড প্রদান করতে হবে। বাঁওড় জেলেদের রেশনের এর ব্যবস্থা করতে হবে। বাস্তুতন্ত্রের ক্ষতি না করে বাঁওড় জলাশয়ে মাছের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে। মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি ও মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা, বাঁওড় জেলেদের উন্নত জীবন-জীবিকা-কর্মসংস্থানের নিরাপদ পরিবেশ ও ষাটোর্দ্ধদের পেনশন দিতে হবে। ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর বাওড় পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় তিনি স্থানীয় বাওড় পাড়ের মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় বলুহর বাওড় পরিদর্শন করেন উপদেষ্টা। পরে বেলা সাড়ে ১১টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন, বাঁওড় আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব প্রমুখ। মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বাঁওড় জেলেদের জাতীয় প্লাটফর্ম- বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের পক্ষে জেলে নেতৃবৃন্দ এসময় দাবিদাওয়াভিত্তিক খোলা চিঠি মৎস্য উপদেষ্টার হাতে প্রেরণ করেছেন। মতবিনিময় সভায় মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা ইজারা পদ্ধতি বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেয়ার দাবি জানান।
শেষের পাতা
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
হামে মৃত্যু : দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি
৭ দিনের সংবাদ...
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি উৎসবে ৫৭ শিক্ষার্থী বিজয়ী
একতার উদ্যোগে ‘দুর্নীতির কারণ ও প্রতিকার’ শীর্ষক সভা
চট্টগ্রাম যুব বিদ্রোহকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি
সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার গঠন করতে হবে
সিপিবি ঢাকা জেলা কমিটির সভা
সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা
বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..