মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা মধ্যবিত্ত : সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চট্টগ্রাম সংবাদদাতা : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে এই বিক্ষোভ সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, আইনজীবী নেতা মোশাররফ হোসেন ও যুব নেতা রুপম ধর। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে হঠাৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তারা অবিলম্বে বাড়তি দাম প্রত্যাহার করে তেলের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যায়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর। বিদ্যুৎ ও গ্যাসের সংকট শিল্প-কারখানা এবং জনজীবনকে আরও চাপে ফেলছে বলেও তারা অভিযোগ করেন। সমাবেশ থেকে সরকারকে দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা, বিদ্যুৎ-গ্যাসের সংকট নিরসন এবং সারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন না হলে সিপিবি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..