‘মব সন্ত্রাস এখনো বন্ধ হয়নি’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জের বন্দর থানা কমিটির উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মদনপুর বাসস্ট্যান্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুৎ এর লোডশেডিং, আইনশৃঙ্খলার অবনতি, মাদক, ছিনতাই, শ্রমিক ছাঁটাই ও আমেরিকার সাথে গোলামী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে ও ধামগড় সোনাচরা শাখার সম্পাদক পাভেল খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, দুলাল সাহা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল হাই শরীফ, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আওলাদ হোসেন, শিল্পী আক্তার, সীমা দাস ও রাইসুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জনগণ আশা করেছিল গণ-অভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার জনগণের মৌলিক সমস্যার সমাধান করবে। কিন্তু নির্বাচিত সরকারের ছয়মাস পার হলেও কোনো সমস্যারই সমাধান হয়নি। বরং আগের মতোই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, খুন-ধর্ষন অব্যাহত আছে। সরকারি কর্মচারীদের বেতন দিগুণের বেশি বাড়ানো হয়েছে কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধির কোনো আলামত দেখছি না। আমরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারনের দাবি করছি। রেশনিং ও আবাসন ব্যবস্থার দাবি করছি। নেতৃবৃন্দ আরও বলেন, মদনপুরের কেওডালায় জনস্বার্থে ফুটওভার ব্রিজ নির্মানের দাবি করছি। ইছাখালী খালসহ খাল-বিল দখলমুক্ত করার দাবি জানান তারা। শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের পানি দূষণমুক্ত করারও দাবি জানান। একই দাবিতে, গত ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা কমিটির উদ্যোগে কাঁচপুর শিল্প এলাকায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি এই সমাবেশের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, আওলাদ হোসেন, একেএম আনিসুজ্জামান, রাকিব হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বাজার সিন্ডিকেট এখনো চালু আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিত্ব আগের মতই বহাল আছে। মব সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..