আজাদ জম্মু-কাশ্মীরে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি
একতা প্রতিবেদক :
পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে চলমান রাজনৈতিক সংকট, গণবিক্ষোভ, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, ব্যাপক দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক-গণতান্ত্রিক অধিকার হরণের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর উদ্বেগ প্রকাশ করছে।
৩১ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক ঘটনাবলিতে প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক পরিস্থিতির অবনতির খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়ন বন্ধ করে আন্দোলনরত জনতার ন্যায্য দাবি মেনে নেয়া এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার মধ্য দিয়ে সংকটের সুরাহা করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট এবং তার পরবর্তী ঘটনাবলিতে আন্দোলনরত জনতার ওপর রাষ্ট্রীয় বাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও প্রাণহানির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাই অবিলম্বে আজাদ জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একইসঙ্গে উপমহাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিষয়ে স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত ও ন্যায় বিচার হওয়া প্রয়োজন।
নেতৃবৃন্দ আরও বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের চলমান আন্দোলন কেবল নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং রাজনৈতিক প্রতিনিধিত্ব, কার্যকর স্বায়ত্তশাসন, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের ন্যায্য অধিকার, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সুশাসন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এসব রাজনৈতিক ও গণতান্ত্রিক দাবিকে কেবল আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা না করে জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারের প্রতি সংশ্লিষ্টদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিক্ষোভ দমনের নামে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, বিভিন্ন এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিধিনিষেধ আরোপ এবং রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তারা বলেন, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ইত্যাদি মৌলিক গণতান্ত্রিক অধিকার। আজাদ জম্মু ও কাশ্মীরে জনগণের এসব অধিকার চর্চার ক্ষেত্রে রাষ্ট্রীয় বলপ্রয়োগ, দমন-পীড়ন কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন করার নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাশ্মীর প্রশ্ন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল রাজনৈতিক সংকট। এই প্রশ্নে বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক শক্তির ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও কাশ্মীরের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান সম্ভব নয়। এই সংকট নিরসনে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নীতি এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাধানের পথ অনুসন্ধান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, মানবাধিকারের প্রশ্নে দ্বৈত মানদণ্ড পরিহার করে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশ্বের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি ও শান্তিকামী জনগণকে আজাদ জম্মু ও কাশ্মীরের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিবৃতিতে বলা হয়, কাশ্মীরসহ বিশ্বের সকল নিপীড়িত ও বঞ্চিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সংহতি ও সমর্থন অব্যাহত থাকবে।
প্রথম পাতা
জ্বালানি খাতে বহুজাতিক কোম্পানি ও বিদেশি নির্ভরতা কমাও
সংসদে নয়, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে রাজপথে
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে আধুনিকায়ন ও চালুর দাবি
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
মার্কিন বাণিজ্যচুক্তিসহ সাম্রাজ্যবাদী সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান
নোটিশ
গণঅভ্যুত্থানের প্রাপ্তি-অপ্রাপ্তি সিপিবি-র দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি
তীব্র গ্যাস সংকট এলএনজি আমদানির চক্রান্তের অংশ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন