ভারতে চলমান ছাত্র-যুব আন্দোলনে পূর্ণ সংহতি ছাত্র ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ভারতের নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব আন্দোলনে রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে ছাত্র-যুবদের ন্যায্য আন্দোলনে পূর্ণ সংহতি জ্ঞাপন করেছে। ছাত্র-যুবদের ওপর নিপীড়ন বন্ধ এবং তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। গত ২১ জুলাই ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে বলেন, ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে ছাত্র-যুবরা দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও ভারতের সরকার তাতে কর্ণপাত করেনি। বরং আন্দোলন নস্যাৎ করতে নানামুখী অপতৎপরতা চালিয়েছে মোদি সরকার। সবশেষ, সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া এবং ছাত্র-যুব-জনতার ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশি হামলার মত বর্বর ঘটনা ঘটিয়েছে ভারতীয় সরকার। আমরা ভারতের ছাত্র-যুব-জনতার ওপর নিপীড়নের নিন্দা জানাই। একইসঙ্গে ছাত্র-যুবদের ন্যায্য আন্দোলনে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রের অন্যায়-নিপীড়ন-নিষ্পেষণের বিরুদ্ধে ছাত্র-যুবরাই সবচেয়ে উচ্চকণ্ঠ। তাই দেশে দেশে সরকার তাদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়ন চালিয়ে আসছে। ভারতের ছাত্র-যুবরা দীর্ঘদিন ধরেই বিজেপি সরকারের অন্যায়-অনিয়ম ও হিন্দুত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে লড়াই করে আসছে। ভারতের প্রগতিশীল ছাত্র-যুব সংগঠনগুলো এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভারতের লড়াকু ছাত্র-যুব-জনতার প্রতি আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা বিশ্বের অপরাপর প্রগতিশীল সংগঠনসমূহকে ভারতের চলমান ছাত্র-যুব আন্দোলনে সংহতি জ্ঞাপন এবং তা নিয়ে আন্তর্জাতিকভাবে সরব হওয়ার আহ্বান জানাই।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..