যানজটে স্থবির গফরগাঁও চরম ভোগান্তিতে মানুষ
ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদরে সাপ্তাহিক হাটের দিন (সোমবার) তীব্র যানজট এখন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতি সোমবার হাটের দিন সকাল থেকে রাত পর্যন্ত গফরগাঁওয়ে সালটিয়ার হাট এলাকাসহ পুরো পৌর শহর কার্যত স্থবির হয়ে পরে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং শ্রমজীবী মানুষদের।
গফরগাঁও উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ দীর্ঘদিন যাবৎ সাপ্তাহিক হাট হিসাবে সোমবারে গফরগাঁওয়ের সালটিয়া হাট করে আসছে। যা এই এলাকার গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছে। সম্প্রতি হাটবারে পৌর শহরের জামতলা মোড় থেকে বিশ্বরোড, গফরগাঁও মধ্যবাজার, রেলওয়ে স্টেশন এলাকা, শিবগঞ্জরোড রেল গেইট এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। বাজারের ভেতরের রাস্তা দিয়ে বালুবাহী ড্রাম ট্রাকের অবাধ চলাচল, মূল সড়কের উপর মালবাহী ট্রাক থামিয়ে মালামাল লোড-আনলোড করা, যত্রতত্র বাইক, ইজিবাইক পার্কিং, অটো রিক্সা, সিএনজিতে যেখানে সেখানে যাত্রী উঠানামা, শহরের মধ্যে থাকা রেল ক্রসিং যানজটের অন্যতম কারণ।
বিশেষ করে সোমবার পাল্কী স্ট্যান্ড এলাকায় মূল সড়কে কাঁচা বাজার বসা, অটো পার্ক করে রাখা, গরুহাটায় আসা যান মূল সড়কে পার্ক করা ও লোড আন লোড করা ইত্যাদি কারণে হাটের দিন জামতলা মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত তীব্র যানজট সৃস্টি হয়।
গফরগাঁও বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মতো জরুরী সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই রোডে অবস্থিত হওয়ায় এই যানজটের জন্য প্রয়াসই সাধারণ মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।
হাসপাতাল রোডের বাসিন্দা সিপিবি গফরগাঁও শাখার সম্পাদক সাইফুস সালেহীন বলেন, পৌর এলাকায় হাটের দিন ছাড়াও তীব্র যানজট সৃষ্টি হয়। এটা নিরসনে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বাজারের ইজারাদার ও নাগরিক প্রতিনিধি নিয়ে যৌথ সভা করে সমন্বিত উদ্যোগ নিলে পরিস্থিতি উন্নতি হবে।
জনদুর্ভোগ নিরসনে ইতিমধ্যে সালটিয়া বাজারের ইজারাদার আব্দুস সালাম ব্যাপারী সোমবার হাটের দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সব ধরনের ট্রাক মূল সড়রকে চলাচল নিষিদ্ধ করে মাইকিং করেছেন। বাজারের ইজারাদার হিসাবে তার এই নিষেধাজ্ঞা দেয়ার এখতিয়ার নিয়েও সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এন আব্দুল্লাহ-আল মামুন বলেন, উপজেলা প্রশাসন থেকে যান চলাচলে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইতোমধ্যে ট্রাফিক পুলিশ মোতায়েনের জন্য গফরগাঁও থানা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলা হয়েছে। একটি বিকল্প রাস্তা তৈরিসহ পৌরসভার কিছু গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজ চলমান থাকায় যানজট কিছুটা বেড়েছে। আশা করি রাস্তার কাজগুলো সম্পন্ন হয়ে গেলে যানজট অনেকাংশে কমে যাবে।
স্থানীয়দের দাবি, প্রশাসন যেন যানজটের এই ভোগান্তি লাঘবে পদক্ষেপ গ্রহণ করে।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন