‘লাইসেন্স’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : প্রাচীন বৈদিক সাহিত্যে সোমরসের উল্লেখ আমরা পাই। সোমরস এমন একটি রস যা দেবরাজ ইন্দ্রও নাকি পান করতেন। আবার আরবিতে শরাব শব্দটির অর্থ পানীয়। কিন্তু কালের বিবর্তনে সোমরস এবং শরাবের মতো কোমল নরম অভিজাত শব্দদ্বয়কে মদ বলা শুরু করলো কিছু লোকজন। মদ বললে যাও একটু ইজ্জত থাকতো সেটাকে আবার মাদকের অপমর্যাদায় নামিয়ে আনল বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু সোমরস বা শরাবের অবনমন কিছুতেই সহ্য করতে পারলেন না কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। তিনি গত ২৫ জুন মহান জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রশ্ন রেখে বলেন, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে; দোকান দিতে লাইসেন্স লাগে কিন্তু মদ পান করতে কেন লাইসেন্স লাগবে? মদ কী মাদক! তাঁর এই প্রশ্নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী কী উত্তর দিয়েছেন তা জানা না গেলেও সোমরস প্রেমীদের আশীর্বাদ যে পুষ্প বৃষ্টির মতো তাঁর ওপর বর্ষিত হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নাই। তবে সোমরসপ্রেমীরা পুষ্পবৃষ্টি করলেও দেশের সাধারণ মানুষ সংসদ সদস্যের এই বক্তব্য শুনে হতভম্ব হয়েছেন! স্তম্ভিত হয়েছেন। বৈদিক যুগে মানুষ ক্লান্তি নিবারণের জন্য সোমরস পান করলেও মাতলামির কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি। কিন্তু কলি যুগের সোমরসপ্রেমীরা এই রসে আসক্ত হয়ে নানা ধরনের অপকর্মে যে জড়িয়ে পড়েন তা হয়তো ইকবাল সাহেবের মনে ছিলো না। যাই হোক সংসদ সদস্য ইকবাল সাহেব কিন্তু একটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন। আজকাল পুলিশ এই সোমরসের উছিলায় অনেক সাধারণ মানুষকে হয়রানি করেন। তার অহরহ প্রমাণ না থাকলেও কথা কিন্তু এক্কেবারে মিছা না। সোমরস; গঞ্জিকা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার দায়ে পুলিশকে উল্টো পানিশমেন্ট খেতে হয়েছে তার নজিরও কিন্তু অনেক আছে। সোমরস তথা মদের মাহাত্ম্য যাই হোক না কেন- সাধারণের বক্তব্য যে দেশের মানুষ মদ পান করে মাতাল হয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়ে সেইদেশে এর লাইসেন্সতো দূরের কথা বরং মদ পানে নিষেধাজ্ঞা দেওয়াই সমুচিত।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..