শিক্ষাখাতে সরকার প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সালমান রাহাত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত কৈরী। নেতৃবৃন্দ শিক্ষাখাতে সরকার প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে জিডিপির ৮ শতাংশে উন্নীত করার দাবি জানান। একইসাথে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বাতিল করে বহির্বিশ্বের আলোকে জোনাল পদ্ধতিতে বিদ্যালয়ে ভর্তির দাবি জানান। সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, তথাকথিত আন্তর্জাতিক খেলোয়াড় ড. ইউনূস শিক্ষাখাতে বিগত সময়গুলোর মধ্যে সবচেয়ে কম বরাদ্দ দিয়েছিলেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শিক্ষাখাতে বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। সবার নিচে অবস্থান পাকিস্তানের। আর সেই পাকিস্তানের শিক্ষাব্যবস্থার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী, যা অত্যন্ত লজ্জাজনক। আমরা শিক্ষামন্ত্রীর মন্তব্যের নিন্দা জানায়। সরকার ইউনেস্কোর সম্মেলনে গিয়ে যেই প্রতিশ্রুতি দিয়েছে তা আমলে নিয়ে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি। সমাবেশ শেষে একটি মিছিল ঢাবির শামসুননাহার হল ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সমাবেশ থেকে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- ১. শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে, ২. প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং শারীরিক চর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে, ৩. একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..