বদিউর রহমানের প্রয়াণ দিবসে বক্তারা

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে উদীচী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর প্রথম প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা [ ছবি: রতন কুমার দাস ]
একতা প্রতিবেদক : গান, আবৃত্তি ও সশ্রদ্ধ স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান-এর প্রথম প্রয়াণবার্ষিকী পালন করেছে উদীচী। সভায় বক্তারা বলেন, বদিউর রহমান শারীরিকভাবে বিদায় নিলেও তিনি যে আদর্শের বীজ বপণ করে গেছেন সেটিকে ধারণ করেই উদীচী এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করে যাবে। গত ১৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজন করে স্মরণানুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক বদিউর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কেন্দ্রীয় খেলাঘর আসর এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। এরপর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। এরপর সম্মিলিত পরিবেশনা উপস্থাপন করে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত ও আবৃত্তি বিভাগের শিল্পীরা। তারা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘তুমি কি কেবলই ছবি’ গানের সাথে কথন। এরপর দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। এছাড়া, ‘দুঃখের তিমিরে যদি জ¦লে’ এবং ‘ভোরের আকাশ আশা নিয়ে থাকে সূর্য উঠবে বলে’ গান দুটি সমবেতভাবে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ভোরের আকাশ আশা নিয়ে থাকে সূর্য উঠবে বলে’ গানটি রচনা করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, আর সুর করেছেন উদীচীর শিল্পী অনুপম হালদার। এরপর উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত এবং কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার চন্দন পরিচালিত তথ্যচিত্র ‘মানুষ গড়ার কারিগর অধ্যাপক বদিউর রহমান’ পরিবেশন করা হয়। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা ও স্মৃতিচারণ পর্ব। এ পর্বের শুরুতে অধ্যাপক বদিউর রহমান-এর স্মারকগ্রন্থ “বদিউর রহমান: লক্ষ্যে অবিচল এক জীবন সংগ্রামী” এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অধ্যাপক বদিউর রহমান-এর জীবনসঙ্গী তাহমিনা রহমান। অধ্যাপক বদিউর রহমান-এর জীবন, কর্ম, সাংস্কৃতিক সংগ্রাম, সাহিত্য জীবন নিয়ে আলোচনা করেন রামেন্দু মজুমদার, নূর মোহাম্মদ তালুকদার, ডা. আবু সাঈদ, এম এ আজিজ মিয়া, অধ্যাপক এম এম আকাশ, বদিউর রহমান-এর বোন ড. ফেরদৌসী বেগম, অধ্যাপক সৈয়দ আজিজুল হক মাসুম, অধ্যাপক কাবেরী গায়েন, অনন্ত হীরা, শংকর সাওজাল, সাইফুর রহমান মিরণ, সুখেন রায়, অস্ট্রিক আর্যু এবং অধ্যাপক বদিউর রহমান-এর বড় সন্তান সুপা সাদিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। আলোচনা পর্বের সভাপতি, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোন বিষয়ে সবসময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোন শারীরিক জটিলতা না থাকলেও তার এই হঠাৎ প্রয়াণে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..