শ্রমিকদের জন্য রেশন নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ দাও : স্কপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শ্রমজীবীদের জন্য রেশন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। গত ২০ মে স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে এবং ফয়েজ হোসেনের পরিচালনায় সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বক্তারা এ দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, স্কপ নেতা আনোয়ার হোসেন, আবদুল কাদের হাওলাদার, চৌধুরী আশিকুল আলম, কাজী রুহুল আমিন, সাইফুজ্জামান বাদশা, শামীম আরা, সাকীল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, মোকাদ্দেম হোসেন, শহিদুল্লাহ বাদল, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে আগামী ১১ জুন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করবে যা বিগত বছরের বাজেটের তুলনায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা বেশি। বিগত সরকারের সময় কর্মশুণ্য বড় বাজেটের অভিজ্ঞতায় রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের পরিসংখ্যানের বিপরীতে শ্রমজীবীদের প্রাপ্তি দারিদ্র্য বৃদ্ধি। শ্রমজীবীদের এই বঞ্চনার বিস্ফোরণ হলো ২৪ এর গণঅভ্যুত্থান। শ্রমজীবীদের রক্তের বিনিময়ে পরিণতি লাভের অভ্যুত্থান পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশার কথা জানাতেই আজকের এই সমাবেশ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি। মুষ্টিমেয় ধনীদের হাতে সম্পদ কুক্ষিগত হওয়ার পরিবর্তে শ্রমজীবী মানুষের খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্যকর আবাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রয়োজনীয় বরাদ্দ আসন্ন বাজেটে করার দাবি এই সমাবেশ জানাচ্ছে। একই সাথে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত শ্রমজীবীদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা আসন্ন বাজেটে থাকবে বলে প্রত্যাশা করছে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের ব্যবস্থার জন্য কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় দায়িত্বে আধুনিকায়ন ও পরিচালনার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাচ্ছে। সামাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ফয়েজ হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রাণালয়ে স্মরকলিপি হস্তান্তর করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..