সিপিবি নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে বক্তব্য রাখছেন পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলমনারায়গঞ্জ সংবাদদাতা :
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, দেশের রাজনীতিতে লুটেরা গোষ্ঠীর দাপট চলছে। সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। পরিবর্তন আনতে হলে রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে। সিপিবি ও বামপন্থীরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে গণমানুষের মর্যাদা নিশ্চিত করতে চায়। কর্তৃত্ববাদী ও স্বৈরাচারি শাসন থেকে মানুষকে মুক্ত করতে লুটেরা গোষ্ঠীর বিকল্প রাজনৈতিক শক্তি বামপন্থীদের ক্ষমতায় নিতে হবে। দেশের স্বাধীনতার ৫৪ বছরে পালাবদল করে ক্ষমতায় থাকা শাসক গোষ্ঠীর কারণে দেশে বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে। এ অবস্থার অবসান ঘটাতে দেশেকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে।
গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সিপিবি জেলা সম্মেলনের উদ্বোধনকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন।
সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি লাল পতাকার মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, লোকনাথ বর্মন, এম এ শাহীন প্রমুখ।
নেতৃবৃন্দ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচনমূখী দৃশ্যমান মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন বিরোধী যে কোন অপতৎপরতা সরকারকেই রুখে দাঁড়াতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।