সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১০ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, জীবিকার তাগিদে দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রিয়াদের অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, স্বজন হারানো এই শোক তাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হলেও বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, শ্রমিক অধিকার এবং জীবন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। কর্মস্থলে নিরাপত্তার ঘাটতি থাকলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োগকর্তাদের অবশ্যই বহন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রকে এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ভূমিকা রাখতে হবে। নেতৃবৃন্দ সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অগ্নিকাণ্ডের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে দুর্ঘটনার কারণ চিহ্নিত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আইনানুগ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি নিহত শ্রমিকদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবারের কাছে হস্তান্তর, দাফন ও অন্যান্য প্রয়োজনীয় কাজে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর শ্রমিক সুরক্ষা চুক্তি, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু শ্রমিক পাঠানো ও রেমিট্যান্স আহরণ নয়, প্রবাসী শ্রমিকের জীবন, মর্যাদা ও অধিকার রক্ষাকেও রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। নেতৃবৃন্দ নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত কেউ থাকলে তাদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..