উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান স্মরণে যুক্তরাষ্ট্রে স্মরণসভা অনুষ্ঠিত একতা প্রতিবেদক:
বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রনায়ক, মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক বদিউর রহমানের স্মরণে যুক্তরাষ্ট্রে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদীচীর বন্ধুরা, প্রগ্রেসিভ ফোরাম ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ অধ্যাপক বদিউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্ল্যারা রোজারিও। সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কল্লোল দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপর্না সরকার রীমা ও মুনমুন সাহা।
অধ্যাপক বদিউর রহমানের দীর্ঘদিনের সহকর্মী এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের নেতা ও প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, অধ্যাপক বদিউর শুধু একজন সাংস্কৃতিক কর্মীই নন, তিনি ছিলেন এক নিরলস সংগ্রামী। যিনি সারাজীবন প্রগতিশীল মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করেছেন।
স্মৃতিচারণমূলক আরও বক্তব্য রাখেন, লিলি মজুমদার, উদীচী জামাইকা শাখা সভাপতি আশীষ রায়, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ আহমেদ শাম্মু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মনিরুল ইসলাম, এডভোকেট মিয়া জাকির, মহিলা পরিষদের নেত্রী রাবেয়া আক্তার, আবৃত্তিকার গোপন সাহা, প্রাক্তন ছাত্রনেতা মুজাহিদ আনসারী, বাঙালীয়ানা টিভির সম্পাদক সাগর লোহানী, প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি ওবাইদুল্লাহ মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ডিন মতলুব আলী।
বক্তারা আরও বলেন, অধ্যাপক বদিউর রহমান ছিলেন ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সংস্কৃতিবিরোধী শক্তির বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর। জীবনের শেষদিন পর্যন্ত তিনি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ হয়ে ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন– রাবেয়া আক্তার, লিলি মজুমদার, সুপর্না সরকার রীমা, সুলেখা পাল, মুনমুন সাহা, শুভ্রা নন্দী, স্নিগ্ধা আচার্যী, জুলি খাস্তগীর। তবলায় সহযোগিতা করেন বিশিষ্ট তবলাবাদক স্বপন দত্ত।