শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কটুক্তিপূর্ণ বক্তব্যের নিন্দা ছাত্র ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কটুক্তিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটির নেতারা। একইসাথে দেশের বন্যাকবলিত এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের দোরগোড়ায় সরকারি সহযোগিতা পৌঁছিয়ে দেওয়ার দাবি জানায় ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, আকস্মিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা-জলাবদ্ধতা পেরিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখেছি। অনেক জায়গায় পরীক্ষার হল পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে একজন সুস্থ বিবেকবোধসম্পন্ন শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা। সেটি না করে তিনি শিক্ষার্থীদের নিয়ে অশালীন ও কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা তার মানসিকদীনতা প্রকাশ করেছে। এহসানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড ও স্টান্টবাজি করে আসছেন। দেশের বিপর্যস্ত শিক্ষাখাতকে পুনর্গঠন না করে তিনি শুধু পরীক্ষা-পরীক্ষা করে গেছেন। শিক্ষার আনন্দ শিক্ষার্থীদের কাছে পৌঁছিয়ে না দিয়ে তা ভীতিতে পরিণত করেছেন তিনি। উপরন্তু, পাকিস্তানে যেয়ে পাকিস্তানের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করে তাদের সাথে শিক্ষা সহযোগিতার কথা জানিয়েছেন। পাকিস্তানের শিক্ষাব্যবস্থা নিয়ে ন্যূনতম ধারণা থাকলে এমনটি করা সম্ভব নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে অবিলম্বে তার অশালীন, কটুক্তিপূর্ণ প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। বন্যাকবলিত এলাকায় অবিলম্বে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থী-পরীক্ষার্থীসহ সাধারণ জনগণের কাছে সরকারি সহযোগিতা পৌঁছিয়ে দিতে হবে। এহসানুল হক মিলন তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ড জারি রাখলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..