সারাদেশে যুব ইউনিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন
একতা প্রতিবেদক :
‘রক্তে, শ্রমে, ঘামে, মেধা-মননে, লড়াই-সংগ্রাম—গৌরবের ৫০ বছর’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে সারাদেশের জেলা-উপজেলায় নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
খুলনা : বাংলাদেশ যুব ইউনিয়ন-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ আগস্ট বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জেলা যুব কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভবেশ রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য নিত্যানন্দ ঢালী, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খুলনা হকার্স ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাবু, সিপিবি সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, সিপিবির মহানগর নেতা পলাশ দাশ, যুব ইউনিয়ন খুলনা মহানগরের সাবেক সভাপতি আফজাল হোসেন রাজু, উদীচী কেন্দ্রীয় সদস্য সুখেন রায়, সাবেক যুব নেতা গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, মাজারুল ইসলাম শান্ত। আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি সুদীপ্ত মণ্ডল, যুব ইউনিয়ন নেতা জামাল হোসেন, আজিজুল ইসলাম, মিহির সরকার, রামপ্রসাদ রায়, পৃথ্বিরাজ ঘরামী, রাজীব হোসেন, রাজন ফকির, তানভীর আহমেদ, মুকুন্দ ঢালী প্রমুখ।
সভার শুরুতে প্রয়াতদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে নিরবতা পালন করা হয়। সভায় যুব ইউনিয়নের ঐতিহ্য ও কর্মকাণ্ড সম্পর্কে বক্তারা আলোচনা করেন। সভায় বেকার যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা ও চাকরির পরীক্ষা স্ব-স্ব জেলা সদরে অনুষ্ঠিতসহ ৯ দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান।
বগুড়া : সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি।
গত ২৮ আগস্ট দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ফিজু।
সকাল ৭টায় সাতমাথাস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেল ৪টায় সাতমাথায় যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল বারি।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ও সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ফিরোজ হামিদ খান রেজভী, সাবেক সভাপতি অজয় সাহা, সাবেক সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অখিল পাল, সহ-সাধারণ সম্পাদক মিঠুন পাল, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আফ্রিক প্রান্ত প্রমুখ।
বক্তারা বলেন, যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও গণতন্ত্রের সংগ্রাম এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন দীর্ঘ পাঁচ দশক ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি দেশের যুবসমাজের ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিয়েছে।
বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সুযোগ নিশ্চিত করা এবং বেকারত্ব ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রাম : যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা- বেকার ভাতা, কর্মসংস্থান ও জাতীয় সম্পদ রক্ষার দাবি জানান।
শিক্ষা, কাজ, জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে সামনে রেখে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ২৮ আগস্ট বিকেল ৫টায় প্রগতি ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি রিপায়ন বড়ুয়া, রুপন কান্তি ধর, নাবিলা তানজিনা, রাশিদুল সামির, গোলাম সরোয়ার, রিপন বড়ুয়া, মাহবুবা জাহান রুমি, বিপ্লব দাশ, সাবেক ছাত্রনেতা টিকলু কুমার দে প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দেশের বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ আজ বেকার। তাই বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি-বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান বাড়ানোর দাবি জানান তারা।
এ সময় বক্তারা বেকার ভাতা চালু, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান, বিদ্যুতের দাম কমানো, জাতীয় সম্পদ ও চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন