অমিত শাহ কি ভয় পেয়েছেন?

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : অমিত শক্তিধর ‘চাণক্য’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি তবে ভয় পেয়েছেন? ভীত বলেই কি তিনি সংসদ ভবন চত্বরে উপস্থিত থেকেও প্রশ্নপত্র ফাঁস রোধ সংশোধনী বিল নিয়ে এত গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিলেন না? লোকসভা রাজ্যসভা কোনো কক্ষে উপস্থিত পর্যন্ত থাকলেন না? বিরোধীরা বারবার অমিত শাহকে ‘অপরাধী’ ঠাওরাচ্ছে, শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানো কিংবা একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার দায় চাপাচ্ছে, তা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুলকালাম ঘটছে, অথচ কোনো কক্ষে তিনি ঢুকছেন না, এমন ঘটনা গত ১২ বছরে একবারও ঘটেনি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি অমিত শাহ ভয় পেয়েছেন? শঙ্কিত? তিনি কি বুঝতে পেরেছেন, ধর্মেন্দ্র প্রধানের পর শিক্ষার্থী সমাজের নজর এবার তাঁর ওপর? তাই, গা বাঁচিয়ে চলতে চাইছেন? প্রশ্নগুলো নিয়ে চর্চা থামছে না। বরং বেড়ে চলেছে। যে সদর দিয়ে তিনি সংসদ ভবনে নিত্য প্রবেশ করেন, অধিবেশন শুরুর আগে নিয়ম করে সেখানে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে। বিরোধীদের এড়াতে কয়েক দিন ধরে তিনি ঘুরপথে ভিন্ন সদর দিয়ে প্রবেশ করছেন। শুধু বিরোধীরাই নয়, অমিত শাহ সন্তর্পণে এড়িয়ে যাচ্ছেন গণমাধ্যমকেও। এ কারণে রাহুল গান্ধীসহ বিরোধীরা ছররা গুলি চালানোর দায় সরাসরি তাঁর ওপর চাপানো সত্ত্বেও এ পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। কেন তিনি বিতর্ক চলাকালে কক্ষে নেই, লোকসভা ও রাজ্যসভায় বিরোধীরা বারবার সেই প্রশ্ন তুললেও সরকার পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য জবাব পাওয়া যায়নি। কেন তিনি সংসদীয় অধিবেশনে যোগ দিচ্ছেন না, সংসদ ভবন চত্বরে সে নিয়ে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তাঁদের হাতে ছিল বিশাল এক পোস্টার। তাতে হিন্দিতে লেখা, অমিত শাহ কেন সংসদ থেকে উধাও? অমিত শাহকে যাবতীয় পুলিশি বর্বরতার জন্য দায়ী করার পাশাপাশি বিরোধীরা রাম মন্দিরের টাকা চুরির বিষয়টিও সামনে আনে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকারকে কোণঠাসা করতে বিরোধীরা এবার অযোধ্যায় রাম মন্দিরের কোষাগার লুটের বিষয়টিকে হাতিয়ার করতে চাইছে। এই নিয়েই লোকসভা ও রাজ্যসভা সারা দিনের মতো মুলতুবি হয়ে যায়। লোকসভার পর রাজ্যসভায়ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত থাকায় রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলতে বাধ্য হন, পুলিশি বর্বরতার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতেই হবে। নইলে তাঁর পদত্যাগ করা উচিত। সংসদকে এড়ানোর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়’ এড়ানোর চেষ্টায় ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি এ কথাও বলেন, ‘উনি ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে রয়েছেন। ভাবছেন এভাবেই কাটিয়ে দেবেন। কিন্তু আমরা তা হতে দেব না। ঘর থেকে টেনে বের করব।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..