নিকারাগুয়ায় আর কোনো নির্বাচন হবে না : ওর্তেগা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : নিকারাগুয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বলেছেন, বিরোধী দলের ক্ষমতায় আসা আটকাতে দেশটিতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ২০০৭ সাল থেকে ক্ষমতায় আছেন ৮০ বছর বয়সী কর্তৃত্ববাদী নেতা ওর্তেগা। তিনি আরও বলেন, নতুন আইন পাস করার মাধ্যমে বিরোধীদের ঠেকাতে তিনি নিজ দলের নিয়ন্ত্রণে থাকা দেশটির কংগ্রেসের সঙ্গে কাজ করছেন, যাতে বিরোধীদের সামনে ‘একটি প্রাচীর গড়ে তোলা যায়’। ১৯৭৯ সালের সান্দিনিস্তা বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে গত রোববার আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ড্যানিয়েল ওর্তেগা এ ঘোষণা দেন। ওই বিপ্লবের সময় তিনি ‘আনাস্তাসিও সোমোসা’র নৃশংস স্বৈরশাসন উৎখাতে ভূমিকা রেখেছিলেন। যদিও ড্যানিয়েল ওর্তেগা এবং তাঁর স্ত্রী কো-প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর শাসনামলে নিকারাগুয়ায় গণতন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তবু অনেকেই তাঁর সর্বশেষ ঘোষণাকে বিরোধীদের দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। কয়েক হাজার সরকারি কর্মীর সামনে দেওয়া এক ভাষণে ওর্তেগা বলেন, ‘এখানে আর কোনো নির্বাচন হবে না। তারা (বিরোধী দলগুলো) যাতে সরকার দখল করার বা ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে না পারে, সে জন্য এ ব্যবস্থা।’ স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, সরকারি কর্মীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছিল। ৬১ দিন ধরে জনসমক্ষে না আসা এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা জাতীয় পরিষদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে নতুন আইন তৈরি করব। কারণ, আমাদের এমন আইন দরকার, যা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে একটি প্রাচীর বা বাধা তৈরি করবে।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..