
একতা বিদেশ ডেস্ক :
চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’-এর শেষ জীবিত নারী সদস্য বলে বিবেচিত ওয়াং কুয়ানইং আর নেই। গত ২২ জুলাই ভোরে ১০৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ওয়াং ১৯২১ সালে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জিনচুয়ান কাউন্টিতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি রেড আর্মিতে যোগ দেন এবং এর ‘ফোরথ ফ্রন্ট আর্মি’তে সেবিকা (নার্স) ও রসদ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৩৪ থেকে ১৯৩৬ সালের মধ্যে চীনে রেড আর্মির পরিচালিত ‘লং মার্চ’ ছিল একটি ঐতিহাসিক সামরিক অভিযান, যা পরবর্তীতে আধুনিক চীনের ইতিহাসের অন্যতম প্রধান এক অধ্যায়ে পরিণত হয়।
প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটারের এই মহাকাব্যিক অভিযানে কুওমিনতাং বাহিনীর অবরোধ ভেঙে জাপানি আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রেড আর্মি নিজেদের ঘাঁটি ছেড়ে উত্তাল নদী, হিমশীতল পর্বত এবং শুষ্ক তৃণভূমি পেরিয়ে এগিয়ে গিয়েছিল।
ঐতিহাসিক এই লং মার্চের সময় বরফাবৃত পাহাড় পার হতে গিয়ে তীব্র তুষারক্ষতসহ (ফ্রস্টবাইট) নানা চরম প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন ওয়াং কুয়ানইং।
যুদ্ধের পর দীর্ঘ কয়েক দশক লোকচক্ষুর অন্তরালে সাধারণ জীবনযাপন করেন ওয়াং। পরবর্তীতে ১৯৮৪ সালে তাঁকে আনুষ্ঠানিকভাবে রেড আর্মির প্রাক্তন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ভেটেরানের মর্যাদা প্রদান করা হয়।