ভিন্নমতাবলম্বী মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার : সিপিবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে সংগঠিত মব হামলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই বর্বরোচিত হামলা প্রমাণ করেছে, সরকার ভিন্নমতাবলম্বী মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ। একইসঙ্গে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গত ১৫ মে এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, এই ধরণের বর্বর হামলা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্র হিসেবে পরিচিতি দিচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন। কিন্তু এখনও দেশে মব এবং পরিকল্পিত হামলা বন্ধ হয়নি। এগুলো প্রমাণ করে দেশে আইনের শাসন অনুপস্থিত। তারই সুযোগ নিয়ে দেশে ভিন্নমতের কণ্ঠ রোধ করা হচ্ছে। তারা বলেন, ইন্টেরিমের আমলে একের পর এক মাজারে মব হামলা হয়েছে। উগ্র ডানপন্থি মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিভিন্ন মাজারে সহিংস হামলার ঘটনা ঘটছে। যারা একের পর এক হত্যাকাণ্ডসহ এ ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, বাউলের আখড়ায় অগ্নিসংযোগ করছে, বাউলদের শারীরিকভাবে নির্যাতন করছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। ফলে এসব ঘটনার কোনো বিচার তো হয়ই না বরং অনেক সময় ভুক্তভোগীকেই উল্টো জেল-জুলুম ভোগ করতে হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মিরপুরের শাহ আলী মাজারে হামলাকারীদের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও দেখে মব সৃষ্টিকারী গোষ্ঠী, ইন্ধনদাতা এবং হামলাকারী সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার করতে হবে। একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানান নেতৃবৃন্দ। মিরপুর ১ নম্বর সেকশনের কয়েকশ বছর প্রাচীন শাহ আলী বোগদাদির মাজারে প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ১৪ মে রাতেও পীরের ভক্তরা মাজারের পূর্ব পাশে খালি জায়গায় মাদুর ও পলিথিন বিছিয়ে বসেছিলেন। সেখানে পণ্যের পসরা সাজিয়ে হকাররাও বসেছিলেন। রাত ১টার দিকে লাঠি হাতে ও মুখে সার্জিক্যাল মাস্ক পরা একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ভক্ত ও অনুসারীরা আতঙ্কে ছোটাছুটি করেন। একপর্যায়ে হামলাকারীরা ভক্ত অনুসারীদের পিটিয়ে বের করে দেয়। এ সময় কয়েকজন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিছু লোক লাঠি হাতে মাজারে আসা লোকজনকে পেটাচ্ছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..