কাস্তে নিয়ে লড়ছেন যারা

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দে আনোয়ার হোসেন রেজা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

মুক্তিযুদ্ধের অঙ্গিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সদর) আসন থেকে কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন রেজা। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক চারবারের সাধারণ সম্পাদক ও বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রমজীবী মানুষের এই নেতার নির্বাচনে অংশগ্রহণ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মরহুম আব্দুল বারী সরকার ও রচনা বেগমের সন্তান আনোয়ার হোসেন রেজার স্থায়ী নিবাস কামারখন্দ উপজেলার কর্মসূতি গ্রামে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ শহরে। বাবার রেলওয়েতে চাকুরির সুবাদে তাদের বসবাস ছিল রায়পুর রেওলয়ে কলোনিতে। তার বাবাও কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রায়পুর প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণি শেষ করে জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর সিরাজগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে পড়াশোনা করেছেন। কলেজে পড়ার সময় সিরাজগঞ্জ কলেজে ছাত্র ইউনিয়ন থেকে ছাত্র সংসদে নির্বাচন করেন। জেলা ছাত্র ইউনিয়নের প্রথম আহ্বায়ক এবং পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত এই ছাত্রনেতা তৎকালীন সময়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখেন। তিনি ১৯৮৫ সালের শেষের দিকে ট্রেড ইউনিয়নের সার্বক্ষণিক কর্মী হিসেবে ঢাকায় দায়িত্ব পালন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম এবং এল.এল.বি পাস করে পরবর্তীতে ঢাকা জজকোর্টে আইন পেশার সাথে যুক্ত হন। ঢাকা বারের এই আজীবন সদস্য বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি সুপ্রিম কোর্ট বারে নির্বাহী সদস্য পদে তিনবার নির্বাচন করেছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..