দ্রুত সার সংকটের সমাধান কর কৃষি উপকরণের দাম কমাও
একতা প্রতিবেদক :
অবিলম্বে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত, সারসহ কৃষি উপকরণের দাম কমানো, দুর্নীতিবাজ ডিলারসহ সার কেলেংকারির সাথে জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
গত ৩০ আগস্ট এক বিবৃতিতে বলা হয়, দেশে ‘সারের কোনো সংকট নেই’ এমন বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তবে কৃষক বাজারে গিয়ে সার পাচ্ছে না। কৃষক ফসলি জমিতে সার দিতে পারছে না। সময়মতো সার না দিতে পারায় ফসলের ক্ষতি হচ্ছে। আবার কিছু স্থানে অনেক ডিলার বেশি দামে সার বিক্রি করছে, ফলে কৃষকের লোকসান আরো বেড়ে যাচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ভুরুঙ্গামারীতে সার লুটের যে ঘটনা ঘটেছে তার দায় সাধারণ কৃষকদের ঘাড়ে চাপানো হচ্ছে। ডিলাররা গুদামে সার আটকে রাখায় টাকা দিয়েও যখন কৃষক সার পাচ্ছে না তখন এই ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলা যায়। নেতৃবৃন্দ দ্রুত সার সংকটের সমাধান, কেলেংকারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ গ্যাস সংকটের অজুহাতে দেশের সকল সার কারখানা বন্ধের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। খাদ্য উৎপাদন ও নিরাপত্তার জন্য সার গুরুত্বপূর্ণ উপাদান। ফলে যেকোনো মূল্যে দেশের কারখানায় সার উৎপাদন চালু রাখা জরুরি। কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে সরকার সার কারখানা সচল না করে বন্ধ করার পাঁয়তারা করছে।
এর ফলে সারের আমদানি নির্ভরতা বাড়ছে এবং অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে। এছাড়াও আমদানিকৃত সার সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদাম না থাকায় সার নষ্ট হয়। নেতৃবৃন্দ অবিলম্বে সার সংকট নিরসনে সার কারখানা চালু ও পর্যাপ্ত গুদাম নির্মাণের দাবি করেন।
বিবৃতিতে সিরাজগঞ্জে সারের দাবিতে বাসদের কর্মসূচিতে বিএনপির বাধা প্রদানের ঘটনার নিন্দা করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এস এম এ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ তরিকুল আলম, সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক অজিত সরকার ও বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সভাপতি আলমগীর হোসেন দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।
প্রথম পাতা
নতুন পে-স্কেল : দেশবাসীর জন্য আশীর্বাদ না বোঝা
ব্যাটারিচালিত যানবাহনের সংকট নিরসনে যৌক্তিক নীতিমালা চাই
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক ক্বাফী রতন
ফসলি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবি
শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খেলাঘরের
সিরাজগঞ্জে বাসদের সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি
‘সত্য’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন