মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি দেশজুড়ে সিপিবির বিক্ষোভ
একতা প্রতিবেদক :
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া বন্ধ করা, বাজেটে জনসাধারণের ওপর কর ঋণের বোঝা বৃদ্ধি, রাষ্ট্রয়াত্ত ৪৪টি শিল্প কারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর, জাতীয় সংসদ প্রাঙ্গনে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন এবং সীমান্ত হত্যা ও পুশইন এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ-সমাবেশ-প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যচুক্তি হয়েছে, তা দেশবিরোধী এবং একটি অসম বাণিজ্যচুক্তি। মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র তিনদিন আগে এ চুক্তি করে গেছেন। সেই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুফলকে চরমভাবে বিনষ্ট করা হয়েছে। এই চুক্তি সম্পূর্ণ মার্কিন সাম্রাজ্যবাদের অনুকূলে করা একটি চুক্তি। এরপর ইউনূস সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু করেছিল। বন্দর বিদেশিদের কাছে গেলে আমাদের জাতীয় নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। রাষ্ট্রীয় সম্পদের মালিকানা ও দেশের স্বাধীনতা নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।
কিন্তু দুঃখের বিষয় নির্বাচিত সরকারও ইউনূসের পথেই হাঁটছে। তারা মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল করেনি। বরং আমেরিকাকে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জাতীয় সংসদের গেইট খুলে দিয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত বন্ধ হয়নি। আমরা ক্ষমতাসীন বিএনপি সরকারকে জনগণের মতামতের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানাই।
রংপুর : গত ২২ জুলাই সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে বাজেটে জনসাধারণের উপর কর ও ঋণের বোঝা বৃদ্ধি, ৪৪টি শিল্প কলকারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উৎসব পালন, সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে এবং অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর ইজারা চক্রান্ত বাতিল, বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত রাষ্ট্রীয় সহায়তা প্রদান ও বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি সিপিবি রংপুর জেলা কার্যালয় হতে শুরু হয়ে রংপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন এবং সমাবেশটি সঞ্চালনা করেন সিপিবি রংপুর জেলা কমিটির ও সম্পাদকমণ্ডলীর সদস্য রাতুজ্জামান রাতুল।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির ও সম্পাদকমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন, সাজেদুল ইসলাম সাজু, জেলা কমিটির সদস্য মাহবুবা আরা বেগম লিনা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজবাড়ী : গত ২২ জুলাই বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস ছামাদ মিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস। জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এজাজ আহম্মেদ-এর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় গণফন্ট্র রাজবাড়ী জেলা কমিটির সমন্বয়ক ছমির উদ্দিন, বিপ্লবী কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা কমিটির সম্পাদক সুশান্ত কুমার রায়, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, রাজবাড়ী জেলা কৃষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মন্ডল, সিপিবি নেতা এস এম দাউদ খান।
বক্তারা বলেন, অন্তবর্তী সরকার নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ বাণিজ্য চুক্তি করেছে। এই বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থে একতরফা সুবিধা ও একক কর্তৃত্ব নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে আগামী ১৫ বছর ধরে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে অনেক বেশি দামে কমপক্ষে ১ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হবে। প্রয়োজন না হলেও টনপ্রতি ৩৫ ডলার বেশি দিয়ে তাকে আগামী পাঁচ বছর ধরে ৭ লাখ টন গম ক্রয় করতে হবে। আন্তর্জাতিক বাজারদরের চেয়ে অনেক বেশি দামে ২৬ লাখ টন সয়াবিন ও সয়াবিনজাত পণ্য তাকে কিনতে হবে, যার মূল্য দাঁড়াবে ১২৫ কোটি ডলার।
এই চুক্তিটি দেশ বিরোধী। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামে পরিণত হবে। আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইজারা বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে।
খুলনা : গত ২২ জুলাই বিকেল ৫টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পার্টির সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি সদস্য ডা. মনোজ দাস, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল হালিম, খুলনা মহানগর কমিটির নেতা মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, শ্রমিক নেতা এস এম চন্দন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে দেশের মানুষকে দাসত্বের বেড়া জালে আবদ্ধ করা হয়েছে। দেশের মানুষ বাণিজ্য চুক্তি নিয়ে যেভাবে ফুঁসে উঠছে অচিরেই এ আন্দোলন সারা দেশে ছিড়িয়ে পড়বে। নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ : মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলসহ অন্যান্য দাবিতে গত ২২ জুলাই ময়মনসিংহে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ নগরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু, জেলা কমিটির সদস্য সুশান্ত দেবনাথ খোকন। সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সদস্য মনিরা বেগম অনু, জেলা কমিটির সদস্য ও প্রবীণ নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল আমিন রুবেল।
চট্টগ্রাম : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দর ইজারার চক্রান্ত বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে বক্তারা ক্ষমতাসীন সরকারকে অন্তর্বর্তী সরকারের দেখানো পথে না হেঁটে জনমতের কথা মাথায় রেখে দেশ পরিচালনার আহ্বান জানান।
গত ২২ জুলাই বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।
জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া, আইনজীবী নেতা নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ছাত্রনেতা শুভ দেবনাথ।
ঝিনাইদহ : অসম মার্কিন বাণিজ্য চুক্তিসহ বন্দর বিদেশিদের কাছে ইজারা বাতিল ও ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য একইস্থানে প্রতিস্থাপনের দাবিতে ঝিনাইদহে সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জুলাই বিকেলে শহরের এইচএসএস সড়ক থেকে উল্লেখিত দাবিতে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে মিলিত হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা কমিটির সদস্য বায়েজিদ চাষা, আরিফুল ইসলাম মিটুল, সিপিবি সদস্য আলমগীর অরণ্য প্রমুখ।
নারায়ণগঞ্জ : গত ২২ জুলাই বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। সমাবেশ পরবর্তী একটি মিছিল চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস ও ইকবাল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের স্বার্থে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা কোন ব্যক্তি, গোষ্ঠী বা দেশি-বিদেশি কর্পোরেট স্বার্থে ও তাদের মুনাফার উৎসে পরিণত হতে দেয়া হবে না। রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান, ভূমি ও অবকাঠামো জনগণের সম্পদ, সাময়িক আর্থিক লাভ কিংবা বিনিয়োগ আকর্ষণের অজুহাতে এই সম্পদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল করা জাতীয় স্বার্থের পরিপন্থী। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে যে, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান মানে লোকসানি। বাস্তবতা হচ্ছে পরিকল্পিত দক্ষ ব্যবস্থাপনার অভাব ও আধুনিকায়ন না করে নীতিগত অবহেলার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্পকে সংকটের মুখে ঠেলে দেয়া হয়েছে। এরপর সেই অজুহাতে জনগণের সম্পদ বেসরকারি পুঁজির হাতে তুলে দেয়া উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জনগণের স্বার্থ বিরোধী এই চক্রান্ত বন্ধ করে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা আধুনিকায়ন করে চালু করতে হবে। নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল উদ্যোগ নিতে হবে।
বগুড়া : গত ২২ জুলাই বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ এবং সমাবেশটি সঞ্চালনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, শাহনিয়াজ কবির খান পাপ্পু, ফারহানা আক্তার শাপলা, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি বায়োজিদ রহমান প্রমুখ।
শেষের পাতা
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা
বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা
খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি
শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবি
গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন