বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর শর্তসাপেক্ষ ৫% কর আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
গত ২৯ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার যে প্রস্তাব দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। একইসঙ্গে অবিলম্বে এ কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
২ জুলাই এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন এবং সাধারণ সম্পাদক সুবেহ সাদিক সন্ধি বলেন, “২০১৫ সালের ‘নো ভ্যাট অন এডুকেশন’ আন্দোলনের সময় থেকেই আমরা বলে আসছি শিক্ষা কোনো পণ্য নয়,তাই শিক্ষার ওপর কোনো ধরনের কর আরোপ গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিকপক্ষকে অবৈধ মুনাফা অর্জনের সুযোগ করে দিতেই সরকার ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যদি তা-ই হয়ে থাকে, তবে বিশ্ববিদ্যালয়গুলোর মালিকপক্ষ কীভাবে মুনাফা অর্জন করছে? আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিকপক্ষের মুনাফা অর্জন অবৈধ। প্রস্তাবিত ৫ শতাংশ করের মাধ্যমে সরকার কার্যত সেই অবৈধ মুনাফা অর্জনের পথ আরও সুগম করছে এবং অবৈধ মুনাফাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান সম্পূর্ণ করমুক্ত রাখা হবে। অথচ বাজেট প্রস্তাবে আমরা দেখছি, গবেষণায় বিনিয়োগ, ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন শর্ত আরোপ করে ৫ শতাংশ কর বহাল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শর্তের বেড়াজালে ফেলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার খর্ব করার এই প্রচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
শিক্ষা একটি মৌলিক অধিকার; এটি কোনো শর্তসাপেক্ষ সুবিধা হতে পারে না। তাই অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সকল কর সম্পূর্ণ প্রত্যাহার করে শিক্ষাকে শতভাগ করমুক্ত রাখতে হবে।”
অতীতে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। বর্তমান সরকার যদি অবিলম্বে কর সম্পূর্ণ প্রত্যাহার না করে, তবে সাধারণ শিক্ষার্থীরা আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। শিক্ষার ওপর কর আরোপের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করবে। এর দায় সরকারকেই বহন করতে হবে।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন