জিমেইলের ফ্রি স্টোরেজ কমানোর পরীক্ষায় গুগল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রযুক্তি ডেস্ক : নতুন জিমেইল অ্যাকাউন্টে ফ্রি স্টোরেজ কমানোর পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এতদিন নতুন ব্যবহারকারীরা জিমেইল খুললেই ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতেন। তবে সম্প্রতি কয়েকজন নতুন ব্যবহারকারী মাত্র ৫ জিবি স্টোরেজ পেয়েছেন বলে জানা গেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে কিছু অঞ্চলে এই নতুন নীতি চালু করেছে গুগল। যদিও কোন কোন দেশে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীদের ধারণা, আফ্রিকার কয়েকটি অঞ্চলে এই পরীক্ষা চলছে। ২০০৪ সালে যাত্রা শুরুর পর থেকেই জিমেইল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় ১ জিবি স্টোরেজই ছিল বড় আকর্ষণ। পরবর্তীতে ২০১৩ সাল থেকে গুগল অ্যাকাউন্টের সঙ্গে ১৫ জিবি শেয়ার্ড ক্লাউড স্টোরেজ সুবিধা চালু হয়, যা জিমেইল, গুগল ড্রাইভসহ বিভিন্ন সেবায় ব্যবহার করা যেত। গুগল জানিয়েছে, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আরও কার্যকর ডেটা রিকোভারি সেবা নিশ্চিত করতেই তারা এই উদ্যোগ বিবেচনা করছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, বর্তমানে যারা ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়বে না। এদিকে গুগলের সাপোর্ট পেজেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আগে যেখানে সরাসরি ১৫ জিবি স্টোরেজের কথা উল্লেখ ছিল, এখন সেখানে লেখা হচ্ছে- ‘সর্বোচ্চ ১৫ জিবি’। ফলে ভবিষ্যতে বিশ্বব্যাপী জিমেইলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি গুগল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..