ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
শিক্ষার অধিকার আদায়ে লড়াই অব্যাহত থাকবে
একতা প্রতিবেদক :
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশ উপেক্ষা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ, প্রাক্তন পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম শীল।
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এদেশের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকার আদায়ে তার জন্মলগ্ন থেকেই শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লড়াই করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছাত্র ইউনিয়ন তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে একচুলও বিচ্যুত হয়নি, কখনো শাসকের সাথে আপস করেনি। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার।
বক্তারা বলেন, হাজারো শহীদের রক্তস্নাত এই সংগঠন বাংলাদেশকে বিগত দিনেও পথ দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস মৌলবাদীদের পরামর্শে টিকা প্রদান কার্যক্রম স্থগিত করেছিল। টিকা প্রদান স্থগিতের কারণেই হাম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, শিশুরা মারা গিয়েছে। শিশু হত্যাকারী ড. ইউনূসের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
ছাত্র নেতারা বলেন, জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে একটি বাণিজ্য চুক্তি করে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের কলোনীতে পরিণত করে গিয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্র ইউনিয়ন অবিলম্বে দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে। দেশবিরোধী সব চুক্তি বাতিল এবং বন্দর ও অন্যান্য জাতীয় সম্পদ ইজারা দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে সাংস্কৃতিক ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ব্যান্ডদল স্বপ্নবাজ।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন