
একতা বিদেশ ডেস্ক :
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতে প্রথম এ রাজ্যে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকালে তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে কংগ্রেস আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ নেন।
জনসভায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে রাহুল বলেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটি দলই দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে এখানের সিন্ডিকেটরাজরা। এই তৃণমূলের হাতে এখন নিয়মিত কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন।
কংগ্রেসের এই নেতা আরও বলেন, কেন্দ্রীয় মোদি সরকার যেমন গোটা দেশে শিল্পকারখানা বন্ধ করে দিচ্ছে, তেমনি এই রাজ্যেও শিল্পকারখানা বন্ধ করে দিচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস সরকার। আর এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জায়গা করে দিচ্ছে বিজেপিকে। মমতা এই রাজ্য চালাচ্ছেন সিন্ডিকেট দিয়ে।
রাহুল বলেন, তৃণমূল এই রাজ্যে ভোট চুরি করে গণতন্ত্রকে হত্যা করছে। বিজেপির ঘৃণার সংস্কৃতি ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা চালাচ্ছে। সাংবিধানিক পদে পছন্দের লোক বসিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে।
রাহুল গান্ধী বলেন, এখন নরেন্দ্র মোদিকে নিয়ন্ত্রণ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানে মোদি বেশি কাজ করছেন শিল্পপতি আদানির জন্য। তাই আদানির পরিবর্তে ‘মোদানি’ রাখা ভালো ছিল।
কংগ্রেসের এই নেতা বলেন, ‘এখন মোদির চেহারা দেখেছেন? হাওয়া বেরিয়ে গেছে। ৫৬ ইঞ্চির বুকের ছাতিও নেই। হাওয়া বেরিয়ে গেছে। এখন দিনরাত পশ্চিমবঙ্গে ঘুরছেন। তাঁর চেহারা ভালো করে দেখুন। এখন আর উনি আমার চোখে চোখ রাখতে পারেন না। সংসদে ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে কথা বলেননি মোদি।’ রাহুল এরপর মালদার চাঁচল ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে দুটি জনসভায় ভাষণ দেন।