মবের মুখে ইউএপি’র দুই শিক্ষককে বহিষ্কারের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ
একতা প্রতিবেদক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মোহসীনকে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কারের ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। শ্রেণিকক্ষে নারীর অধিকার, ধর্মের উৎপত্তির সমাজবৈজ্ঞানিক ব্যাখা ও পর্দার ব্যবহার সংক্রান্ত একাডেমিক আলোচনার কারণে ‘মব’ তৈরি করে চাকুরিচ্যুত করার ঘটনা চরম উদ্বেগজনক।
গত ২৪ জানুয়ারি এক বিবৃতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান যেখানে জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং মৌলিক চিন্তাভাবনার মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটবে। কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা তার বিপরীত চিত্র লক্ষ করছি। একাডেমিক আলোচনাকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টির মাধ্যমে ইউএপি থেকে দুই শিক্ষককে বহিষ্কারের ঘটনা শিক্ষার সামগ্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করবে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রসাশনের ভূমিকা উচ্চশিক্ষার মৌলিক ধারণাকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অবিলম্বে এই অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা লক্ষ করেছি একাডেমিক আলোচনাকে ‘ইসলামবিদ্বেষী’ হিসাবে চিহ্নিত করতে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে গত এক মাসেরও অধিক সময় ধরে উক্ত শিক্ষকদ্বয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালিয়েছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। জুলাই অভ্যুত্থানের পর থেকে ইউএপিতে শিক্ষার সংকট নিরসনের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। তাদের এই যৌক্তিক আন্দোলনের ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করতে এই গোষ্ঠীটি ‘মবের’ ঘটনার অবতারণা ঘটিয়েছে। এসময় প্রসাশনে যে নীরব ভূমিকা পালন করেছে তা আগামীদিনের শিক্ষার সার্বিক পরিবেশকে বাধাগ্রস্ত করবে বলেও আমরা আশঙ্কা করছি।’
ছাত্রনেতারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংকট ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং যাতায়াত সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে দ্রুততার সাথে কাজ করতে হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের যে পাঁয়তারা তা বন্ধ করতে হবে।’
অবিলম্বে দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে কাজ না করা হলে প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে সাম্প্রদায়িক উগ্র ফ্যাসিস্ট শক্তির পাহারাদার প্রসাশনের বিরুদ্ধে জোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন নেতারা।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন