মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ২৪ এর বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন মো. শাহীন খান। পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি জাতীয় পরিষদের এই সদস্য বর্তমানে নির্বাচনী প্রচারণায় সমাজ ও রাষ্ট্রের বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের চার শত্রু সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতাকে পরাস্ত করতে এলাকার জনগণের কাছে কাস্তে মার্কায় ভোট চাইছেন। তিনি শ্রমজীবী ও সাধারণ মানুষের সাড়াও পাচ্ছেন।
শাহীন খানের জন্ম ১৯৭৬ সালের ১০ জুন নবীনগর উপজেলার নারায়ণপুর দক্ষিণ পাড়া (খান বাড়ী) গ্রামে। ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এমএ সম্পন্ন করে পরবর্তী সময়ে ঠিকাদারি ব্যবসায় যুক্ত হন।
ছাত্রজীবনে তিনি ১৯৯৫ সালে ছাত্র ইউনিয়ন নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। এরপর ঢাকা মহানগর ও কেন্দ্রীয় যুব ইউনিয়নে নেতৃত্ব দেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী নবীনগর উপজেলা কমিটির দায়িত্বও তিনি পালন করেন।