
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর উপজেলা) আসন থেকে ভোটে লড়ছেন সিপিবি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম। শ্রমজীবী মানুষের এই নেতা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। এরশাদবিরোধী আন্দোলনে কারা ও পুলিশি নির্যাতনের শিকার শফিকুল আলম আশির দশকে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। ১৯৮৭ সালে পার্টির গ্রুপ সদস্য হয়ে দুই বছর পর পান সদস্যপদ।
তিনি নওগাঁ জেলা, নওগাঁ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হন।
তিনি যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ক্ষেতমজুর সমিতি নওগাঁ জেলা কমিটির নেতা। পার্টির নিম্নতম বুনিয়াদি সংস্থা শাখার এই সম্পাদক সদর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জেলা কমিটির সাবেক সদস্য, জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য। বর্তমানে কৃষক সমিতি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলাম রাবি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রথমবার জেলা পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ পর্যন্ত তৃতীয় মেয়াদে এ পদে দায়িত্বে আছেন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদকও।