
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার এক রাজনীতি সচেতন পরিবারে জন্ম নেওয়া আনোয়ার হোসেন সুমন খেলাঘর ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে সুনামগঞ্জে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
ছাত্র আন্দোলন শেষে যুব ইউনিয়ন ও গণতান্ত্রিক আইনজীবী সমিতিতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। এখন তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে উপদেষ্টা ও সংগঠক হিসেবে বেশ সক্রিয়।
তার বাবা মরহুম আব্দুর রাজ্জাক দুইবার সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং আইন ও তথ্যপ্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি নেওয়া সুমন টিপাইমুখ বাঁধ, গ্যাস সংযোগ বন্ধ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ, সন্ত্রাস প্রতিরোধসহ স্থানীয়-জাতীয় প্রায় সকল আন্দোলন-গণসংগ্রামে সামনের সারিতে ছিলেন।
খেলোয়াড় হিসেবে সুপরিচিত সুমন ম্যানেজার ও আম্পায়ার হিসেবেও সক্রিয়। শিক্ষানীতি, শ্রমিক ও শিক্ষার্থীর অধিকার, জাতীয় সম্পদ রক্ষা ও সামাজিক ন্যায়ের সব আন্দোলনে অংশ নেওয়া এ রাজনীতিক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে সিপিবির কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।