ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে লড়াইয়ের ময়দানে থাকা আব্দুর রহমান পেশায় আইনজীবী। কর্মরত আছেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে।
১৯৯৩ সালে জন্ম নেওয়া এ তরুণ এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্য। পাশাপাশি তিনি বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক, প্রগতি লেখক সংঘ মুন্সীগঞ্জ জেলার কোষাধ্যক্ষ এবং ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০৮ সালে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১১ সালে শ্রীনগর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর রক্ষার আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম, সমাজতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ধারাবাহিক সংগ্রামে জীবন বাজি রাখা এ রাজনৈতিক কর্মী এবারের নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে লড়ছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে।