
একতা বিদেশ ডেস্ক :
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে সবাইকে চমকে দিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন জোহরান মামদানি। আর গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে গড়েছেন ইতিহাস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।
জোহরান মামদানির (৩৪) এ ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও। নির্বাচনী প্রচার কৌশলের অংশ হিসেবেই তিনি এসব ভিডিও পোস্ট করেছিলেন।
এমনই এক ভিডিওতে দেখা যায়, কনি আইল্যান্ডে জানুয়ারির কনকনে শীতে ঠান্ডা পানিতে ডুব দেন জোহরান মামদানি। এরপর উঠে এসে রসিকতা করেই বলেন, ‘আই অ্যাম ফ্রিজিং...ইয়োর রেন্ট।’ এ কথা দিয়ে তিনি আসলে বুঝিয়েছেন যে ঠান্ডায় তিনি জমে যাচ্ছেন। আবার একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, মেয়র নির্বাচিত হলে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বাড়িভাড়াও যাতে না বাড়ে, সে ব্যবস্থা করবেন।
শুধু তাই নয়, ভ্রাম্যমাণ খাবারের দোকান ঘুরে ঘুরে খবর দেখানোর চেষ্টা করেন, কীভাবে এসব দোকানের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া হালাল খাবারের দাম বাড়াচ্ছে। ম্যানহাটানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে নিউইয়র্কের বাসিন্দাদের দেখিয়েছেন যে তাঁদের এমন একজন মেয়র পাওয়ার অধিকার আছে, যাঁকে তাঁরা সরাসরি দেখতে পাবেন, কথা শুনতে পারবেন ও দরকার হলে তাঁর ওপর ক্ষোভও ঝাড়তে পারবেন।