‘শিশুহত্যাকারী’ ইউনূস-নূরজাহানের বিচারের দাবি যুব ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : হামে আক্রান্ত ৪ শতাধিক শিশুর মৃত্যুর জন্য ড. ইউনূস, নূরজাহান বেগমকে দায়ী করে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। রাজধানীর পল্টন মোড়ে যুব ইউনিয়নের উদ্যোগে গত ১৬ মে অনুষ্ঠিত সমাবেশে খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও শাহিন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিজুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারভ হোসেন সেবক প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছেলেবেলায় পাঠ্যপুস্তকে পড়ে জেনেছিলাম কুসংস্কারাচ্ছন্ন সমাজে পূর্বে কলেরা, ডায়রিয়া, হাম, বসন্ত রোগেও গ্রাম উজাড় হয়ে যেত। এসব পাঠ্য পুস্তকে পড়া কথা। বাস্তবে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষে এই সকল রোগ এখন আর মহামারী নয়। কিন্তু ইন্টেরিম সরকারের সময়ে পরিকল্পিতভাবে শিশুহত্যার নীল নকশা করা হয়। শিশুদের রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিকল্পে নিয়মিত টিকাদান কার্যক্রমকে বাতিল করে ইন্টেরিম সরকার। যার ফলশ্রুতিতে হাম এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে! তাই পরিকল্পিতভাবে শিশুহত্যার পরিকল্পনাকারী সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, জনগণের সঙ্কট সমাধানে নির্বাচিত সংসদ সদস্যরা মহান সংসদে জনগণের সাথে তামাশা করছেন। বর্তমান সময়ে হাম যখন জাতীয় স্বাস্থ্য বিপর্যয় হিসেবে দৃশ্যমান তখন তা নিয়ে সংসদ নিশ্চুপ! দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও বাণিজ্য চুক্তি নিয়েও সরকারি ও বিরোধীদল নিশ্চুপ। সমাবেশ থেকে অবিলম্বে আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যয় সরকারের বহন করার দাবি জানান যুবনেতারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..