খুলনা মহানগরে সিপিবির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

Posted: 11 অক্টোবর, 2026

খুলনা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় নগরীর খুলনা হকার্স মার্কেট ও বড়বাজার এলাকায় দাবি সম্বলিত লিফলেট নিয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে। এতে অংশ নেন, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রঙ্গলাল মৃধা, মহানগর শাখার সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, মোস্তাফিজুর রহমান রাসেল, ফজলুর রহমান, মীর ওবায়দুর রহমান, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কামরুল ইসলাম খোকন, যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়, যুব নেতা তানভীর হোসেন প্রমুখ। গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসান ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার দেশের দ্রবমূল্য রোধ ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। আশ্চর্যের ব্যাপার অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে মাত্র ২ দিন পূর্বে অত্যন্ত দ্রুততার সাথে আমেরিকার সাথে দেশের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি সম্পন্ন করে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ইতিবাচক কোনো প্রতিফলন নেই। দেশের সার্বিক বাস্তবতা বিবেচনা না করে সরকারি কর্মচারীদের দ্বিগুণের অধিক পে-স্কেল প্রদান করে তাদের তুষ্ট করছে। লাগামহীনভাবে সরকার একের পর এক তেল-গ্যাস-বিদ্যুৎসহ চাল-গম-আটা প্রভৃতির মূল্যবৃদ্ধি করে চলেছে।