মাতৃত্বকালীন ছুটি ও সমমজুরি চায় নারী শ্রমিকরা

Posted: 11 অক্টোবর, 2026

একতা প্রতিবেদক: জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নারী শ্রমিকের ওপর সকল প্রকার শোষণ ও বৈষম্য দূর করি এবং সর্বক্ষেত্রে সংগঠন গড়ে তুলি’ শীর্ষক এক আলোচনা সভা গত ৭ অক্টোবর বিকেল ৪ টায় শহীদ মুনির-আজাদ সেমিনার কক্ষ, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন, পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতি ও উৎপাদনে নারী শ্রমিকদের অবদান অপরিসীম, অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপদ পরিবেশ, ন্যায্য মজুরি ও আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। সকল প্রকার শোষণ দূর করতে হলে কারখানা ও কর্মক্ষেত্র পর্যায়ে নারী শ্রমিকদের নিজস্ব সংগঠন ও ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। আলোচনা সভায় জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র প্রকাশিত ‘জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও নীতির আলোকে বাংলাদেশের নারী শ্রমিকদের সুযোগ ও অধিকার’ গ্রন্থের ২য় সংস্করণের মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সহ-সভাপতি, সাবেক শ্রম সংস্কার কমিশনের সদস্য, বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, টিইউসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এনসিসিডাব্লিউই বাংলাদেশ কমিটির মেম্বার সেক্রেটারি আজিজুন নাহার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সুমনা সরকার, সাংগঠনিক সম্পাদক সায়েরা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহানারা বেগম। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রম আইনে নারী শ্রমিকের অধিকার ও সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে তারা এখনও নানা বৈষম্য ও শোষণের শিকার। সভায় বক্তারা আন্তর্জাতিক শ্রম সংস্থা-এর কনভেনশন এবং দেশের শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, সমমজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা, সমমজুরি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কোনো বিকল্প নেই উল্লেখ করে ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।