সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার আহ্বান
Posted: 11 অক্টোবর, 2026
বগুড়া সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মসূচি গত ৩ অক্টোবর বিকেল ৫টায় বগুড়া সদরের নুনগোলা ‘নিজেরা করি’ করুণাময়ী হলরুমে সমাপ্ত হয়েছে।
এর আগে সকাল ১০টায় প্রশিক্ষণের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। দ্বিতীয় দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু এবং সিপিবি নাটোর জেলা কমিটির সভাপতি নির্মল চৌধুরী।
প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে ‘কমিউনিস্ট পার্টির সাংগঠনিক রীতিনীতি ও পদ্ধতি’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলি। তিনি পার্টির সাংগঠনিক শৃঙ্খলা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, পার্টি সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে পার্টির কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিকেল ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে ‘সিপিবির রাজনীতি ও রাজনৈতিক প্রস্তাব’ বিষয়ে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাকসু ভিপি রাগীব আহসান মুন্না। তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক কর্মসূচি এবং গণআন্দোলনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন শাখা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও গণমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অধিবেশনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিপিবি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ। তিনি বলেন, পার্টির আদর্শ, রাজনৈতিক শিক্ষা ও সাংগঠনিক চর্চাকে জীবনের বাস্তবতার সঙ্গে যুক্ত করে শ্রমিক-কৃষক, মেহনতি মানুষ ও নিপীড়িত জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করে জনগণের সঙ্গে পার্টির নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী বিভাগের আট জেলার নেতৃবৃন্দ পার্টির রাজনৈতিক-সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।