রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব

Posted: 04 অক্টোবর, 2026

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, শিশু সাহিত্যিক, ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা সাবেক নাট্য সম্পাদক আখতার হোসেন স্মরণে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সঞ্চালনা করেন জেলা উদীচীর পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবুু ও দপ্তর সম্পাদক সুমা কর্মকার। সংগঠনের সহ-সভাপতি ফকীর শাহাদত হোসেনের সভাপতিত্বে বাউল গানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক মজুমদার, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সহকারী সার্জন পলাশ সিকদার। অনুষ্ঠানে আবদুল জব্বার, ধীরেন্দ্রনাথ দাস, সুমা কর্মকার, চায়না বিশ্বাস, মলিনা পারভীন, ফিরোজা খাতুন, আওয়াল মোল্লা, কানিজ ফাতেমা বেবী, এনাম রসুল, সানজিদা খাতুন, জান্নাতুল ফেরদৌস যুথি, আল নাহিয়ান খান, শাম্মী আক্তার, শামসুল আলম, নাসিরুল হক সাবুসহ শিল্পীরা একক ও সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে তবলায় সহযোগীতা করেন জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক গৌতম বসু ও গোলাম গাউস। বক্তারা বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী। সারাদেশে বাউল শিল্পীদের উপর ন্যাক্কারজনক হামলা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তারা।