টিইউসি বরিশাল জেলা কমিটির সম্মেলন

Posted: 04 অক্টোবর, 2026

বরিশাল সংবাদদাতা : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির ১৬তম সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে একে আজাদকে সভাপতি ও তুষার সেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। গত ২৫ সেপ্টেম্বর বরিশাল অশ্বিনী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে বরিশাল উদীচীর পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সভাপতি একে আজাদ, সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি মাহবুবুর রহমান মজনু। এরপর একটি লাল পতাকার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। এরপর একে আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মজনু, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শ্রমিকনেতা সেকান্দার সিকদার এবং শ্রমিক নেতা এমএ জলিল, জেকে মুকুল, হিরন কুমার দাস, একেএম আশরাফুল ইসলাম সোহেল, আ. মান্নান, মানিক ব্যাপারি, জোন্সা বেগম, আবুল বাশার আকন প্রমুখ। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার সেন। এরপরে দুপুর ২ ঘটিকায় কীর্তনখোলা মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়। তখন শোক প্রস্তাব পাঠ করেন লিংকন বায়েন। সম্মেলনে ৭ জন প্রবীণ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার সেন সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। এরপরে জেলা কমিটির সভাপতি নির্বাচিত করা হয় একে আজাদকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তুষার সেনকে।