জাসদ কার্যালয়ে হামলা ও গণআটকে ক্ষোভ যুব ইউনিয়নের

Posted: 04 অক্টোবর, 2026

একতা প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সভায় যুবদল নেতাকর্মীদের হামলা এবং পরবর্তীতে পুলিশের অভিযান চালিয়ে ২৮৯ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করার ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে যুব ইউনিয়নের নেতৃবৃন্দ। গত ২৭ সেপ্টেম্বর যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এক যৌথ বিবৃতিতে বলেন জাসদ কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর কোনো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাও নেই। জাসদের দাবি অনুযায়ী, পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সারাদেশ থেকে নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই বাস্তবতাকে সামনে এনে কোনো অভিযোগ থাকলে তার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কোনো বৈধ রাজনৈতিক দলের কার্যালয়ে একটি সভা চলাকালে রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে সরকারি দলের যুব সংগঠনের নেতাকর্মীর মব সৃষ্টি করে কর্মীদের উপর হামলা, কার্যালয় ঘেরাও এবং এরপর পুলিশ দিয়ে একসঙ্গে শত শত মানুষকে আটক করার ঘটনা কোনোভাবেই গণতান্ত্রিক বাংলাদেশের রাজনৈতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিবৃতিতে আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ বিরোধিতার নামে কোনো বৈধ রাজনৈতিক দলের ওপর মব করে হামলা, রাজনৈতিক কার্যালয়ে মব সৃষ্টি কিংবা নির্বিচারে গণআটক কোনো বিবেচনায় গ্রহণযোগ্য হতে পারে না। আজ যদি একটি দলের কার্যালয় এভাবে আক্রান্ত হয়, আগামীকাল একই দৃষ্টান্ত অন্য যেকোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবহার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পথ বন্ধ করা হবে । গণতন্ত্রের অর্থ শুধু নির্বাচন নয়, গণতন্ত্রের অর্থ রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রমের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার, ধর্ম বর্ণ নির্বিশেষ ভিন্নমত প্রকাশের অধিকার এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা। নেতৃবৃন্দ দাবি করেন আমরা জাসদ কার্যালয়ে হামলার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা, আটক সব নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি এবং রাজনৈতিক কার্যালয়ে এমন বেআইনি হস্তক্ষেপ বন্ধের দাবি জানান । যুব ইউনিয়নের নেতারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন নয়, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।