আমেরিকাকে খুশি করে ক্ষমতায় টিকতে চায় সরকার
Posted: 04 অক্টোবর, 2026
একতা প্রতিবেদক :
দেশে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট, জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধির ফলে গাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে যখন জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে, তখন এই সংকট নিরসনে মনোযোগ না দিয়ে সরকার আমেরিকার কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কেনার চুক্তি করেছে আমেরিকাকে খুশি করে ক্ষমতায় টিকে থাকার জন্য।
বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি করেছেন। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিপিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ এবং শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও স্কপের সমন্বয়ক ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা খালেকুজ্জামান লিপন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা সাদিকুর রহমান শামীম, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা দুলাল সাহা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আসাদুজ্জামান আসাদ, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক দলিলের রহমান দুলাল, বিপ্লবী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আব্দুল কুদ্দুস ও ভান্ডারী এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের অনুপ কুন্ড।
সভায় উভয় জোটের নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি বর্তমান নির্বাচিত সরকার কর্তৃক বাস্তবায়নের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল, লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে উপরোক্ত দাবি মানতে সরকারকে বাধ্য করতে আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ, শ্রমিক, কৃষক, ছাত্র, সংস্কৃতিকর্মী, নারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদের সঙ্গে অসম চুক্তির ফলে শ্রমজীবী মানুষের জীবনে যে সবচেয়ে বেশি দুর্ভোগ নেমে আসবে, সে সম্পর্কে সচেতন করতে শিল্পাঞ্চলগুলোতে সভা-সমাবেশসহ প্রচার কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন এবং ৩০ অক্টোবরের সমাবেশ সফল করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সভা থেকে আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ ও প্রচার-গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের
নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী কমিটির আহ্বায়ক ও উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস, গণসংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস, সংগঠক রঘু অভিজিৎ রায়, সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল এবং সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য বেলাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, বাসদ (মাহবুব) এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূইয়া, সিপিবি নেতা রাগিব আহসান মুন্না, ত্রিদিব সাহা, সাম্যবাদী আন্দোলনের সুশান্ত সিনহা প্রমুখ।