২ অক্টোবর টিইউসির সমাবেশ সফল করার আহ্বান
Posted: 27 সেপ্টেম্বর, 2026
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র নির্বাহী কমিটির সভায় ৪৫টি রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় অর্থায়নে আধুনিকায়ন করে চালুর দাবি জানানো হয়। এ দাবীতে আগামী ২ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা।
রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ব্যক্তিমালিকানায় দেওয়ার সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেন, এযাবতকাল কখনও কোন রাষ্ট্রায়ত্ত কলকারখানা ব্যক্তিমালিকানায় দিয়ে তা চলেনি, বরং লুটপাট হয়েছে। এবারের ৪৫টি কারখানায় বেসরকারি বিনিয়োগ প্রকারান্তরে রাষ্ট্রীয় শিল্প-সম্পদ লুটপাটের আয়োজন। একই সঙ্গে স্থায়ী মজুরি কমিশন গঠন করে ব্যক্তিমালিকানা নির্বিশেষে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।
হাজারীবাগের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম। সভায় বক্তব্য রাখেন টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, ইদ্রিস আলী ও হাফিজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন—পাট, চিনি, বস্ত্র, কাগজ, সার, ইস্পাত, রাসায়নিক ও প্রকৌশলসহ এসব রাষ্ট্রীয় সম্পদের প্রকৃত মালিক জনগণ। সংবিধান অনুযায়ী সংসদে আলোচনা ও সিদ্ধান্ত ছিল বাধ্যবাধকতা, কিন্তু তা করা হয়নি। জনগণের মতামত ও স্বার্থ জলাঞ্জলি দিয়ে পুঁজিপতির হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থপরিপন্থি। এর মধ্যে অনেক কারখানায় শ্রমিকদের বকেয়া পাওনা রয়েছে যা অবিলম্বে পরিশোধ করার দাবি জানান নেতৃবৃন্দ।
এসব দাবিতে আগামী ২ অক্টোবর বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।