পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ করা যাবে না

Posted: 27 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল প্রতিষ্ঠার সময় থেকেই হরিজন সম্প্রদায়ের পরিবারগুলোর ১৬৮ বছরের বসতি ১নং মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) থেকে তাদের উচ্ছেদের নোটিশ হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে যুক্ত ৬০টি পরিবারকে মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায়, শাহবাগে জাতীয় জাতীয় জাদুঘরের সামনে মিটফোর্ড ১নং মিনিয়ালস কোয়াটার (সুইপার কলোনি) উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে কলোনি উচ্ছেদ চক্রান্তের প্রতিবাদে এবং সারাদেশে হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ করার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরেশ মজুমদার ও পরিচালনা করেন রিঙ্কু শর্মা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সমাবেশে বিশিষ্ট নাগরিকগণের মধ্যে বক্তব্য রাখেন ডক্টরস প্লাটফর্ম ফর পাবলিক হেলথ-এর আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক ও উচ্ছেদ চক্রান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিটকারী জাকির হোসেন, অখজউ-এর নির্বাহী পরিচালক ও উচ্ছেদ চক্রান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিটকারী শামসুল হুদা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন, জাত পাত বিলোপ জোটের সদস্য ও উচ্ছেদ চক্রান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিটকারী আইনজীবী উৎপল বিশ্বাস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল ডোম, মিরনজিল্লা হরিজন সেবক সমিতির সভাপতি গগন লাল, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বক সালমান সিদ্দিকী, মুক্তচিন্তা পরিষদ বাংলাদেশের সদস্য সচিব ফারুক হোসেন সাদী, হরিজন অধিকার আদায় সংগঠনের নারী সম্পাদিকা সনু রাণি দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, হেলা সমাজ যুব সংঘের সভাপতি জয় কিষাণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনিষা ওয়াহিদ, মৃত্তিকা সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান প্রধান সমন্বয়ক খাদিজা খাতুন, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুদর্শন বাঁশফোর তিতিল, বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রান্ত বাঁশফোর প্রমুখ। নাগরিক সমাবেশে বক্তারা বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ কলোনির সকল বাসিন্দাকে কোয়ার্টার খালি করার চূড়ান্ত নির্দেশ প্রদান করেছে। এবং স্পষ্ট জানিয়ে দেয় যে, দ্রুত বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সকল মৌলিক ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করে ভবন অপসারণ কার্যক্রম শুরু করা হবে। তবে ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের জন্য কোনো পুনর্বাসনের পরিকল্পনা দেওয়া হয়নি, এমনকি নোটিশ পাওয়ার পর তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়। সমাবেশ থেকে যথাযথ পুনর্বাসন ব্যতীত কোনো উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।