সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবির
Posted: 20 সেপ্টেম্বর, 2026
বগুড়া সংবাদদাতা :
“সীমান্তে হত্যা বন্ধ করো—মানবিক সম্পর্ক নিশ্চিত করো”-এই দাবিকে সামনে রেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় বগুড়া সাতমাথায় সিপিবি জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও শুভ শংকর গুহ রায় বাবুনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ৫৫ বছরে বিএসএফের হাতে ১,৯৭৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সীমান্তে প্রাণহানি বন্ধ এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে মানবিক ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সাম্প্রতিক বছরগুলোতেও সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বিভিন্ন মানবাধিকার ও সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যকে কেন্দ্র করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৫ সালে ৩৪ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হন এবং ২০২৪ সালে নিহত হন ৩০ জন।
সমাবেশ থেকে সীমান্তে হত্যা বন্ধ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার, প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা, সীমান্তবাসীর নিরাপত্তা রক্ষা এবং বাংলাদেশ-ভারতের মধ্যে মানবিক ও পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, যুব ইউনিয়ন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।