এআই, ভূরাজনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ
Posted: 20 সেপ্টেম্বর, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক চলছে, তা এখন আর কেবল প্রযুক্তির সীমার মধ্যে নেই। এটি ধীরে ধীরে পরিণত হয়েছে অর্থনীতি, সামরিক শক্তি, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে। এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে একদিকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন সতর্কবার্তা দিচ্ছে তখন অন্য অনেকেই মনে করছেন, পশ্চিমাদের এই আশঙ্কার পেছনে রয়েছে ভূরাজনৈতিক প্রতিযোগিতার বাস্তবতা।
সাম্প্রতিক সময়ে ওপেনএআই, অ্যানথ্রপিকসহ শীর্ষ এআই প্রতিষ্ঠানের গবেষক ও নির্বাহীদের একটি অংশ এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তাদের আশঙ্কা, এমন এক পর্যায় আসতে পারে যখন এআই নিজেকে আরও উন্নত করার সক্ষমতা অর্জন করবে এবং মানুষের উদ্দেশ্যের সঙ্গে তার আচরণের অমিল তৈরি হবে। ইতিমধ্যে কিছু পরীক্ষায় দেখা গেছে, এআই এজেন্ট নিজেদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা গড়ে তুলেছে, নির্ধারিত সীমার বাইরে যাওয়ার চেষ্টা করেছে, এমনকি লক্ষ্য অর্জনের জন্য প্রতারণামূলক কৌশলও ব্যবহার করেছে। এসব ঘটনা বিচ্ছিন্ন হলেও একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে—এআইকে অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত রাখার নির্ভরযোগ্য পদ্ধতি কি সত্যিই মানুষের হাতে আছে?
এই উদ্বেগের পেছনে আরও বড় একটি কারণ রয়েছে। আধুনিক এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি জটিল গণিতের সমস্যা সমাধান করতে পারে, উন্নত সফটওয়্যার তৈরি করতে পারে এবং সাইবার নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করতে সক্ষম। ফলে ভবিষ্যতে যদি কোনো উন্নত এআই মানুষের নির্দেশনা ছাড়াই নিজের ক্ষমতা বাড়ানোর পথ খুঁজে পায়, তাহলে তা কেবল একটি প্রযুক্তিগত সমস্যা থাকবে না; বরং জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তবে এই আশঙ্কাকে সবাই একভাবে দেখছেন না। চীনের অনেক নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই নিয়ে এই অতিরিক্ত আতঙ্কের একটি রাজনৈতিক দিকও রয়েছে। তাদের যুক্তি হলো, যখন মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগতভাবে এগিয়ে আছে, তখন উন্নয়নের গতি কমানোর আহ্বান প্রতিযোগীদের পিছিয়ে রাখার কৌশল হতে পারে। চীনের বিশেষজ্ঞরা মনে করছেন, এআই এমন এক প্রযুক্তি, যার ঝুঁঁকি আছে, কিন্তু তা ব্যবস্থাপনার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। তাই তারা উন্নয়ন থামানোর বদলে দ্রুত অগ্রগতি ও নিয়ন্ত্রণব্যবস্থা একসঙ্গে এগিয়ে নেওয়ার পক্ষে।
এখানেই প্রযুক্তি ও ভূরাজনীতির সংযোগ স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রতিযোগিতা এখন সেমিকন্ডাক্টর, সুপারকম্পিউটিং, ডেটা সেন্টার এবং উন্নত চিপের নিয়ন্ত্রণ পর্যন্ত বিস্তৃত। উভয় দেশই জানে, ভবিষ্যতের অর্থনীতি, সামরিক সক্ষমতা এবং বৈশ্বিক প্রভাব অনেকাংশে নির্ভর করবে এআইয়ের ওপর। ফলে নিরাপত্তার ভাষা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা অনেক সময় একই আলোচনায় মিশে যাচ্ছে।
এই প্রতিযোগিতা কেবল সফটওয়্যার বা গবেষণাগারে সীমাবদ্ধ নয়। মহাকাশেও এর প্রভাব দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা কক্ষপথে মহাকাশে নিয়ন্ত্রণ করা যায় এমন অস্ত্র মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের স্যাটেলাইটের সুরক্ষার জন্যই এটি বসানো হয়েছে। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে মহাকাশ ক্রমশ সামরিক প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠছে। ওয়াশিংটনের দেখাদেখি শিগগিরই বেইজিং ও মস্কো এমনকি নয়া দিল্লিও এ পথে হাঁটতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
প্রযুক্তির এ প্রতিযোগিতা যেন ক্রমশ আরও নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, বড় বিপর্যয় ঘটানোর জন্য এআইকে পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণের বাইরে যেতে হবে না। অল্প কয়েকজন ব্যক্তি, কোনো অপরাধী চক্র কিংবা কোনো রাষ্ট্র যদি উন্নত এআইকে অপব্যবহার করতে পারে, তাহলেও ভয়াবহ ক্ষতি সম্ভব। জীবাণু অস্ত্র গবেষণা, সাইবার হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনুপ্রবেশ কিংবা স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থার অপব্যবহার—এসব ঝুঁঁকি ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
এ এআই বিতর্কের একদিকে রয়েছে মানবজাতির জন্য সম্ভাব্য বিশাল সুযোগ, অন্যদিকে নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতা, নিরাপত্তা সংকট এবং বৈশ্বিক শক্তির লড়াই। বাস্তবতা সম্ভবত দুটি চরম অবস্থানের মাঝামাঝি। এআই হয়তো আগামীকালই মানবসভ্যতাকে ধ্বংস করতে পারবে না, কিন্তু যথাযথ নিরাপত্তা, জবাবদিহি ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, যার ঝুঁকি ও পরিণতি আজও পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। ভূরাজনৈতিক প্রতিযোগিতা নয়, মানবজাতি কতটা নিরাপদ থাকবে এ প্রশ্নকে মাথায় রেখে এ সমস্যা সমাধানে বিশ্বকে একমত হতেই হবে।