যেখানেই সংগ্রাম-যুদ্ধ সেখানেই সুকান্ত : উদীচী

Posted: 06 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : “বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করবো নতুন ভিত্তি” এই শ্লোগান নিয়ে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ২৮ আগস্ট বিকাল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান। আলোচনায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, আমাদের জীবদ্দশায় আমাদের নানা সংগ্রামে আন্দোলনে সুকান্ত আমাদের পাশে থেকে হাজার সুকান্ত হয়ে আজও যুদ্ধ করেন তার তীক্ষ্ণ কবিতা আর গানের অস্ত্র নিয়ে। যেখানেই সংগ্রাম-যুদ্ধ, সেখানেই সুকান্ত। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। এ পর্বে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, লেখক, গবেষক ও প্রাবন্ধিক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। আলোচনা পর্বে বক্তারা বলেন, মাত্র ছ’সাত বছরের কবিতা জীবনেও বাঙালি ভুবনকে দশকের পর দশক ধরে আচ্ছন্ন মুগ্ধ অনুপ্রাণিত করে চলেছে সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি নিয়ে। সুকান্তের কবিতা একইসাথে সাহিত্যের দায় বহন করেছে, আবার মতাদর্শের, রাজনীতির এবং নিজের রাজনৈতিক দলের হয়েও ভূমিকা পালন করেছে। ঔপনিবেশিক শাসনের বিরোধিতা এবং মহাযুদ্ধের বিভীষিকাময় সময়ে ঔপনিবেশিক শাসকদের চক্রান্তে নেমে আসা মন্বন্তরের সময়ে জনগণের প্রতিদিনের সংগ্রামের সঙ্গী ছিলেন সুকান্ত। ফ্যাসিবাদ ও ঔপনিবেশিক শাসন যুগপৎ বিরোধিতার স্বাক্ষর বহন করছে সুকান্তের কবিতা। সুকান্তের কবিতার সময়পর্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ, ফ্যাসিবাদের পরাজয়, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনের দুর্বার হয়ে ওঠা, নৌবাহিনীর বিদ্রোহ আর কলকারখানার শ্রমিকদের ধর্মঘট হয়ে ঔপনিবেশিক শাসন অবসানের প্রাকমুহূর্ত অবধি বিস্তৃত। এর মধ্যেই ১৯৪৬ এর ১৬ আগস্ট থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্ত কলকাতা শহর বীভৎস দাঙ্গা দেখেছে যা বারবার আত্মপ্রকাশ করেছে। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণের প্রায় আট দশক পর আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই, তখন সময় বদলেছে, রাষ্ট্রের কাঠামো বদলেছে, প্রযুক্তি ও অর্থনীতির ধরন বদলেছে; কিন্তু মানুষের কিছু মৌলিক সংকট এখনো আমাদের সামনে রয়ে গেছে। বৈষম্য, বেকারত্ব, দ্রব্যমূল্যের চাপ, শ্রমজীবী মানুষের অনিশ্চয়তা, কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া, দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীভবন, সামাজিক অবিচার এবং পরিবেশগত সংকট- এসব প্রশ্ন আজও আমাদের সমাজকে নাড়া দেয়। আলোচনা পর্বের পর সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখা সংসদের নেতা-কর্মীরা। করা হয় শত প্রদীপ প্রজ্জ্বালন। এছাড়া, সুকান্তের লেখা ‘ছাড়পত্র’ কবিতাটি শপথ হিসেবে সবাইকে পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন। এরপর সুকান্তের লেখা অবাক পৃথিবী গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয়, পরিচালনায় ছিলেন ওয়ার্দা রিহাব। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা। তারা পরিবেশন করেন- হে মহামানব একবার এসো ফিরে, হে সাথী আজকে স্বপ্নের দিন গোনা এবং হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ গান তিনটি। এছাড়া, একক সঙ্গীত পরিবেশন করেন অলক দাশগুপ্ত, জয়া সেনগুপ্তা, শাওন কুমার রায়, সরস্বতী সরকার ও বিজয় বণিক। সম্মেলক আবৃত্তি পরিবেশন করে উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের শিল্পীরা। এর শিরোনাম ছিল ‘বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করবো নতুন ভিত্তি’। পরিকল্পনা ছিলেন বেলায়েত হোসেন, আর নির্দেশনায় শিখা সেনগুপ্তা। একক আবৃত্তি পরিবেশন করেন মো. মাসুদুজ্জামান, শিখা সেনগুপ্তা ও সুমিত পাল। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংসদ। এ পর্বটি সঞ্চানা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মিতা রায় এবং সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ আনিসুর রহমান। ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় সাম্যবাদী বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পথ শিল্পাঙ্গন ও খবরের কাগজ বন্ধুজন শৈলকুপার যৌথ আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্মারক আলোচনা সভা ও সুকান্তের কবিতাপাঠ ও গণসংগীত পরিবেশন করা হয়। উদীচী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ বাংলাদেশ এর সদস্য সচিব সুকান্ত দাস। এছাড়া অনুষ্ঠানে অনুষ্ঠানে আলোচক ছিলেন লেখক ও রাজনীতিক স্বপন বাগচী, গবেষক ও প্রকাশক সুমন সিকদার, কবি উপায়ন আনাম, সাংবাদিক ও সংগঠক সুজন বিপ্লব, কিশোর বিশ্বাস কাজল, আবু আরিফ রেজা প্রমুখ। অনুষ্ঠানে কবি সুকান্তের কবিতা থেকে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। আলোচকরা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের গণমুখী ও বিপ্লবী চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা থেকে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং তরুণ প্রজন্মের মাঝে কবির প্রগতিশীল দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।