ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি

Posted: 30 আগস্ট, 2026

খুলনা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা গত ২৫ আগস্ট সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে বলে সরকার দলীয় স্থানীয় নেতৃবৃন্দ স্বীকার করতে বাধ্য হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলো শয্যা না থাকায় বারান্দায় রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। এ ব্যাপারে সরকারি উদ্যোগ আশানুরূপ নয় বলে বক্তারা মন্তব্য করেন। বক্তারা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে খুলনায় হত্যা-রাহাজানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যাওয়ায়, যা ইতোপূর্বে কখনও ঘটেনি, সেজন্যও উদ্বেগ প্রকাশ করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা। মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সভাপতি এস এ রশীদ। বক্তব্য রাখেন, মহানগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রঙ্গলাল মৃধা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সোনাডাঙ্গা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা কমিটির সভা গত ২৪ আগস্ট বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী। সভায় বক্তব্য রাখেন, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক শাহফুজুর রহমান মুকুল, সদস্য সরোজ দাস পিন্টু, দৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তুষার বর্মণ, সঞ্জয় সাহা, পারভীন আক্তার শিলা প্রমুখ।